আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানান্দাজে ‘সম্মান রক্ষার্থে হত্যার’ (অনার কিলিং) ঘটনায় বাবা-মায়ের হাতে এক তরুণী নিহত হয়েছেন। সোমবার একটি মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির দাবি, দেশটির কুর্দি-অধ্যুষিত পশ্চিমাঞ্চলে এক সপ্তাহের মধ্যে এ ধরনের দ্বিতীয় হত্যাকাণ্ড এটি।
নরওয়ের অসলোভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গাউ অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সানান্দাজের নায়সার জেলার বাসিন্দা ১৯ বছর বয়সী হেলিয়া ফাত্তাহিকে তার বাবা ভোরিয়া ফাত্তাহি ও মা লেইলা ভেইসি হত্যা করেছেন।
হেঙ্গাউয়ের কাছে দেওয়া সূত্রের তথ্য অনুযায়ী, এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল তার। হত্যাকাণ্ডের সময় হেলিয়া দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আগের সপ্তাহে তিনি পরিবারের সদস্যদের নিজের গর্ভধারণের বিষয়টি জানান।
অভিযোগ রয়েছে, শনিবার হেলিয়ার বাবা-মা তার বিরুদ্ধে অভিযোগ জানাতে আদালতে যান। বাড়িতে ফিরে তারা মেয়েকে খিঁচুনি প্রতিরোধী ওষুধের প্রায় ৩০টি বড়ি খাওয়ান এবং মারধর করেন।
মানবাধিকার সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ‘তাদের মেয়ে তখনও বেঁচে আছে বুঝতে পেরে, তারা তার মুখের ওপর বালিশ চেপে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন।’
জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে হেলিয়ার বাবা-মা দুজনেই তাকে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে হেঙ্গাউ। ওই দিনই পুলিশ তাদের গ্রেপ্তার করে।
সপ্তাহের দ্বিতীয় মৃত্যু
এর কয়েক দিন আগে পার্শ্ববর্তী কেরমানশাহ প্রদেশে ১৬ বছর বয়সী স্কুলছাত্রী সোগান্দ সায়াদির মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেন আইন কর্মকর্তারা। হেঙ্গাউয়ের তথ্য অনুযায়ী, সায়াদি স্কুলের কর্মীদের সতর্ক করে জানিয়েছিলেন, বাবার সঙ্গে বাড়ি ফিরলে তিনি তাকে হত্যা করতে পারেন।
প্রাদেশিক শিক্ষা বিভাগ জানিয়েছে, সায়াদির বাবা স্কুলের নথিপত্র সংগ্রহ করতে এসেছিলেন। ওই দিন পরবর্তী সময়ে বাবার বাড়িতেই তার মৃত্যু হয়।
কেরমানশাহের আইন কর্মকর্তা হামিদরেজা কারিমি বলেছেন, তদন্তকারীরা সায়াদির মৃত্যুর ঘটনায় হত্যা ও আত্মহত্যা—দুই সম্ভাবনাই খতিয়ে দেখছেন। ইরানের বিচার বিভাগ-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিক নির্যাতন ও হত্যার সন্দেহে সায়াদির বাবাকে এবং অবহেলার অভিযোগে তার স্কুলের অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে।
এমন হত্যা আরও হয়েছে
অক্টোবরের শেষ দিকে পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয় কাউন্টিতে ১৬ বছর বয়সী ছাত্রী নেসা আলিজাদেহকে হত্যার ঘটনাও সামনে আসে। নিজের পছন্দের পাত্রকে বিয়ে করা নিয়ে বিরোধের জেরে তার বাবা শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ। হেঙ্গাউয়ের তথ্য অনুযায়ী, আলিজাদেহর মা তার বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি পারিবারিক ‘সম্মান’ রক্ষার নামে মেয়েকে হত্যার কথা স্বীকার করেন।
প্যারিসভিত্তিক উইমেনস কমিটি অব দ্য ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরানের (ডব্লিউএনসিআরআই) এক প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের শেষ পর্যন্ত দেশটিতে নারীহত্যার ঘটনায় ৯২ জন নারী ও কিশোরীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। সংস্থাটির হিসাবে, নিহতদের মধ্যে ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী ছিল ১৩ জন।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, নারীহত্যার সবচেয়ে বেশি ১৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে রাজধানী তেহরান প্রদেশে।
সূত্র: রুডো











































