আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সক্রিয় থাকার বার্তা ইস্তিয়াক ইস্তির
স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ধারাবাহিক পথসভা এবং নগরীর তিন থানা এলাকায় মোটরসাইকেল মহড়া দিয়েছে মহানগর স্বেচ্ছাসেবক দল। সদস্যসচিব ইস্তিয়াক আহমেদ ইস্তির নেতৃত্বে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে এ কর্মসূচি পালন করা হয়। নগরীর ব্যস্ততম সড়ক, বাণিজ্যিক এলাকা ও জনসমাগমপূর্ণ স্থানে নেতাকর্মীদের এমন উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।
নগরীর শিববাড়ি, খানজাহান আলী রোড, ডাকবাংলা, রূপসা, লবণচরা, সাতরাস্তা ও রয়েল মোড়ে ধারাবাহিক পথসভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি নগরীর তিন থানা এলাকায় মোটরসাইকেল মহড়া দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
পথসভায় ইস্তিয়াক আহমেদ ইস্তি বলেন, খুলনা মহানগরীর শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন নাশকতা, সহিংসতা কিংবা অন্য কোনো অপতৎপরতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয় মুখ্য নয়, সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়িয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নগরীর শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা হলে নেতাকর্মীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এসব পথসভায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং সাংগঠনিক কার্যক্রম নিয়েও বক্তব্য দেওয়া হয়।
রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জননিরাপত্তার প্রশ্ন সামনে রেখে গুরুত্বপূর্ণ মোড়ে ধারাবাহিক পথসভা ও তিন থানা এলাকায় মোটরসাইকেল মহড়ার মধ্য দিয়ে নগরীতে সাংগঠনিক উপস্থিতি জানান দিয়েছে স্বেচ্ছাসেবক দল।











































