Home আলোচিত সংবাদ ১৮ বছর কেটেছে ভারত-বাংলাদেশের কারাগারে

১৮ বছর কেটেছে ভারত-বাংলাদেশের কারাগারে

0



বাগেরহাট প্রতিনিধি ||

দীর্ঘ ১৮ বছরের বন্দিজীবন শেষে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের মোংলার বাদল ফরাজী। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়। সেখান থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পুলিশি প্রহরায় তাঁকে মোংলা পৌরসভার কুমারখালী এলাকার নিজ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে। দীর্ঘদিন পর ছেলেকে কাছে পাওয়ার অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন তাঁর বৃদ্ধ মা শিফালী বেগম।

তবে প্যারোলে মুক্তির খবরে স্বস্তির পাশাপাশি ক্ষোভও রয়েছে পরিবারের সদস্যদের মধ্যে। বাদলের বড় বোন আকলিকা বেগম জানান, তাঁর ভাইয়ের মুক্তির বিষয়ে পরিবারকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পুলিশ তাঁদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছে। চার সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়ে কী লাভ—এমন প্রশ্ন তুলে তাঁরা বাদলের স্থায়ী মুক্তির দাবি জানিয়েছেন।


পাঁচ ভাইবোনের মধ্যে বাদল দ্বিতীয়। তাঁরা তিন বোন ও দুই ভাই। দীর্ঘদিন ধরে পরিবারের বাইরে থাকায় স্বজনদের সঙ্গে বাদলের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ হয়নি। বাবাও বাদল কারাগারে থাকাকালে মারা গেছেন। এখন বৃদ্ধ মা শিফালী বেগম ছেলের ফেরার অপেক্ষায় দিন গুনছেন।

বাদল ফরাজী মোংলা পৌরসভার কুমারখালী এলাকার বাসিন্দা। ২০০৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় পর্যটক ভিসায় ভারতের আগ্রার তাজমহল দেখতে যান তিনি। বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর একটি হত্যা মামলার আসামির নামের মিল থাকায় তাঁকে আটক করা হয়। ওই মামলার আসামি ছিলেন বাদল সিং নামের এক ব্যক্তি। নামের মিলের কারণে নির্দোষ বাদল ফরাজীকে ভুলভাবে মামলায় জড়ানো হয়েছে বলে তাঁর পরিবার ও স্থানীয়দের দাবি। পরে ভারতীয় আদালতে সাজা পেয়ে দেশটির কারাগারে ১০ বছর কাটান তিনি। বন্দি স্থানান্তর চুক্তির আওতায় দেশে ফেরার পর বাংলাদেশের কারাগারেও আরও আট বছর বন্দিজীবন কাটাতে হয় তাঁকে।

বাদল ফরাজীর শিক্ষাপ্রতিষ্ঠান মোংলার সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তালুকদার মোহাম্মদ জিয়াদ হোসাইন বলেন, তাজমহল দেখতে ভারতে যাওয়ার আগে বাদল অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। বাদল মেধাবী ছাত্র ছিল। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও ভালো ছিল। তাঁর জানামতে, বাদল কোনো অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল না। তিনি বলেন, বাদলের সুষ্ঠু বিচার ও ন্যায়বিচার পাওয়া উচিত।

স্থানীয়দেরও দাবি, নামের সামান্য ভুলের কারণে বাদলকে দীর্ঘ ১৮ বছর কারাগারে থাকতে হয়েছে। তাঁদের মতে, বাদল নির্দোষ হয়েও জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়েছেন। তাঁরা তাঁর স্থায়ী মুক্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বাদলের মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে পরিবার, মানবাধিকারকর্মী, লেখক ও সাংবাদিকেরা কাজ করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমা প্রকাশন লেখক রাহিতুল ইসলামের লেখা ‘ভুল বিচারে ১৮ বছর: ভারত থেকে বাংলাদেশ’ উপন্যাসটি প্রকাশের ঘোষণা দেয়। এতে বাদলের গ্রেপ্তার, বিচার, কারাগারে নির্যাতনের অভিযোগ এবং দীর্ঘ বন্দিজীবনের নানা ঘটনা তুলে ধরা হয়। গত ৬ এপ্রিল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন করেন স্বজন, পাঠক ও মানবাধিকারকর্মীরা।

দীর্ঘ ১৮ বছর পর বাদল বাড়ি ফিরছেন—এ খবরে স্বজনদের মধ্যে অপেক্ষা ও আবেগ তৈরি হয়েছে। তবে পরিবারের প্রত্যাশা, চার সপ্তাহের প্যারোলেই যেন তাঁর মুক্তির বিষয়টি থেমে না থাকে। আইনি জটিলতার স্থায়ী সমাধানের মাধ্যমে বাদল যেন মায়ের কাছে থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেই দাবি তাঁদের।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় কাশিমপুর কারাগারে আটক দুই বন্দি সাইদুল আফজাল ও বাদল ফরাজিকে চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে এই প্যারোল মঞ্জুর করা হয়। তারা দুজনই বাগেরহাটের বাসিন্দা হওয়ায় আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে তাদের বাগেরহাট জেলা কারাগারে আনা হয়।

প্যারোলে মুক্ত থাকাকালীন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সতর্কতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্যারোলের নির্ধারিত সব শর্ত যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এ সব শর্ত প্রতিপালন সাপেক্ষে আগামী চার সপ্তাহ তারা প্যারোলে মুক্ত থাকবেন।