আন্তর্জাতিক ডেস্ক।।
বাংলাদেশসহ ১৪টি বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। এসব অংশীদারের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীনও আছে। অতিরিক্ত উৎপাদনের অভিযোগ নিয়ে কয়েক মাসের তদন্তের পর বুধবার এই প্রস্তাব দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এএফপিকে বলেন, প্রস্তাবিত শুল্কের হার সর্বোচ্চ ২০ শতাংশ। এটি কার্যকরের আগে জনমত গ্রহণের একটি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রস্তাব তৈরির সময় বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলো বিবেচনায় নেওয়া হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, বাজারের প্রকৃত চাহিদা ও বাজারনির্ভর নীতিমালার বাইরে গিয়ে এই ১৪টি বাণিজ্য অংশীদার উৎপাদন ও উৎপাদনক্ষমতা বাড়াচ্ছে। এমন অভিযোগ তদন্তের পর নতুন শুল্কের প্রস্তাব তৈরি করা হয়েছে।
যেসব দেশ এই শুল্কের আওতায় পড়তে পারে সেগুলোর মধ্যে আরও আছে- ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
অন্য এক ঘোষণায়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ব্রাজিলের পণ্যেও অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে উড়োজাহাজও আছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যসংক্রান্ত উদ্বেগ মোকাবিলায় নিষ্ক্রিয় থাকার অভিযোগে ব্রাজিলের বিরুদ্ধে এই প্রস্তাব দেওয়া হয়েছে।
সূএ: এএফপি











































