Home Lead গোপালগঞ্জে আপাতত চালু হচ্ছে না ট্রেন, বন্ধ থাকবে দুই থানার কার্যক্রমও

গোপালগঞ্জে আপাতত চালু হচ্ছে না ট্রেন, বন্ধ থাকবে দুই থানার কার্যক্রমও

0


ঢাকা অফিস।।

গোপালগঞ্জের সঙ্গে বন্ধ থাকা ট্রেন যোগাযোগ এখনই চালুর পরিকল্পনা নেই সরকারের। একইভাবে পুড়িয়ে দেয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও শিগগির স্বাভাবিক হচ্ছে না। নাশকতার আশঙ্কা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এসব সেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু এবং থানা দুটি সংস্কারের উদ্যোগ নেয়া হবে। এদিকে গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দও স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

রেলপথ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনার পর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সেবা চালুর বিষয়ে ভাবছে না সরকার। আগামী মাসে আওয়ামী লীগের কয়েকটি কর্মসূচি থাকায় নতুন করে হামলা-ভাঙচুরের আশঙ্কাও করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


সচিবালয় সূত্র জানায়, পুড়িয়ে দেয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম চালুর জন্য স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ অনুরোধ করছেন। তবে থানা দুটি পুনরায় চালু করতে আরও সময় লাগবে। বর্তমানে এ দুই থানার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে থানা দুটি সংস্কারের কাজ শুরু হবে।

এদিকে সরকারের একাধিক সূত্র জানিয়েছে, গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত থাকবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় সারা দেশে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে যে অর্থসহায়তা দেয়া হয়, তার তৃতীয় কিস্তির অর্থ গোপালগঞ্জে ছাড় না দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সাধারণত এসব প্রতিষ্ঠানে চার কিস্তিতে অর্থসহায়তা দেয়া হয়। গোপালগঞ্জের জন্য জানুয়ারি থেকে মার্চ মেয়াদের কিস্তির টাকা ছাড় বন্ধ থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দু’টি থানার পুলিশ সদস্যরা ওই জেলাতেই কর্মরত রয়েছেন।’ তবে কবে নাগাদ থানা দুটির কার্যক্রম চালু হবে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।


গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির বলেছেন, ‘পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ শুরু হয়নি। এতে কিছুটা সময় লাগবে। ট্রেন সেবাও এখনো চালু হয়নি। এ সেবা চালু হতে সময় লাগবে।’