Home খেলাধুলা একাধিক যৌন অপরাধের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে ফুটবলার

একাধিক যৌন অপরাধের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে ফুটবলার

0

স্পোর্টস ডেস্ক।।

ইংলিশ ফুটবলে খেলতে গিয়ে গুরুতর অপরাধের অভিযোগে কারাগারে যেতে হলো এক ফুটবলারকে। ধর্ষণের তিনটি অভিযোগসহ একাধিক যৌন অপরাধ ও মাদক সরবরাহের অভিযোগ আনা হয়েছে ২৩ বছর বয়সী ইসাইয়া নোয়েল-উইলিয়ামসের বিরুদ্ধে।

ইংল্যান্ডের চতুর্থ বিভাগের ক্লাব বার্নেটের এই মিডফিল্ডারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। হের্টফোর্ডশায়ার পুলিশ জানিয়েছে, নোয়েল-উইলিয়ামসের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিপীড়ন, এক শিশুর সঙ্গে যৌনাচার এবং ‘ক্লাস বি’ শ্রেণির মাদক সরবরাহের অভিযোগ আনা হয়েছে। পুলিশের জননিরাপত্তা বিভাগের তদন্তের পর তার বিরুদ্ধে এসব অভিযোগ এনেছে।

গত শনিবার (২১ নভেম্বর) হ্যাটফিল্ড ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে নোয়েল-উইলিয়ামসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আগামী ২২ ডিসেম্বর সেন্ট অ্যালবানস ক্রাউন আদালতে পরবর্তী শুনানিতে তাকে হাজির হতে বলা হয়েছে। ঘটনাটি নিয়ে বিবৃতি দিয়েছে নোয়েল-উইলিয়ামসের ক্লাব বার্নেট। ক্লাবটি জানিয়েছে, ‘কর্তৃপক্ষের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করছে ক্লাব।

পরবর্তী সময়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা যথাসময়ে জানানো হবে। বিষয়টি এখন আদালতের বিচারাধীন। তাই এ বিষয়ে ক্লাব আর কোনো মন্তব্য করবে না।’

চলতি বছরের জুনে বার্নেটে যোগ দেন ইসাইয়া নোয়েল-উইলিয়ামস। তার বাবা গিফটন নোয়েল-উইলিয়ামসও ফুটবলার ছিলেন। গিফটন বর্তমানে বাহামা জাতীয় দলের কোচ।