Home জাতীয় পরিবার পরিকল্পনা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে ১৩ ডিসেম্বর থেকে ক্যাম্পেইন

পরিবার পরিকল্পনা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে ১৩ ডিসেম্বর থেকে ক্যাম্পেইন

2

ঢাকা অফিস।।

আগামী ১৩ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের ভুল নীতিগত সিদ্ধান্তে দেশের চার-পাঁচ দশকের সফল পরিবার পরিকল্পনা ও টিকাদান কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সভাকক্ষে ‘পরিবার পরিকল্পনা সেবার সংকট: দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার নারীর জীবনে বহুমাত্রিক প্রভাব, সমস্যা উত্তরণে নীতিগত করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মেরী স্টোপস বাংলাদেশ ও সমকাল যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।

ড. এম এ মুহিত বলেন, ‘বিকল্প কোনো দিকনির্দেশনা ছাড়াই অন্তর্বর্তী সরকার সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দেওয়ায় মাঠপর্যায়ের কর্মীদের বেতন ও সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে। মাঝেমধ্যে ভুল নীতি দুর্নীতির চেয়েও ভয়াবহ পরিণতি ডেকে আনে। আমরা দায়িত্ব নেওয়ার পর জরুরি ভিত্তিতে দরপত্র আহ্বান করেছি। ইতোমধ্যে সাতটি বিভাগের ডিপোতে পরিবার পরিকল্পনার সামগ্রী পৌঁছে গেছে। আগামী ১৩ ডিসেম্বর রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী এই নিবিড় প্রচারণার উদ্বোধন করবেন।’

স্বাস্থ্য খাতের জনবল ও প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মরত প্রায় ৪০ হাজার কর্মীকে নিয়ে একটি সমন্বিত কর্মীবাহিনী গড়ে তোলা হবে। একবিংশ শতাব্দীর উপযোগী করে তুলতে তাঁদের হাতে ট্যাব ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) তথ্যপ্রযুক্তি দেওয়া হবে। এতে তাঁরা আরও সুনির্দিষ্টভাবে সেবা ও নজরদারি চালাতে পারবেন।

দুর্গম এলাকার নারীদের স্বাস্থ্যঝুঁকির কথা তুলে ধরে আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এম এ মুহিত বলেন, হাওর, চর, পাহাড় ও উপকূলীয় অঞ্চলের চ্যালেঞ্জ একেক রকম। বন্যার সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন দুর্গম এলাকার দরিদ্র ও প্রতিবন্ধী নারীরা। শুধু জাতীয় গড় হিসাব দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর প্রকৃত সংকট বোঝা সম্ভব নয়। মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে নীতিনির্ধারকদের এসব মানুষের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হতে হবে।

আধুনিক যুগের চাহিদা অনুযায়ী পরিবার পরিকল্পনা কর্মসূচিকে আরও বিস্তৃত করে ‘প্রজনন স্বাস্থ্য কর্মসূচি’ হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন প্রতিমন্ত্রী। দেশে শিশু স্বাস্থ্য ও হৃদরোগের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান থাকলেও প্রায় ১০ কোটি নারীর জন্য কোনো বিশেষায়িত প্রতিষ্ঠান নেই উল্লেখ করে তিনি ‘নারী স্বাস্থ্য ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলেন। এ ছাড়া জরুরি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে সামাজিক ট্যাবু ভাঙা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়ানোর আহ্বান জানান তিনি।

বৈঠকে গবেষণার বিষয়বস্তু ও ফলাফল উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইনুন নাহার।

আলোচনায় অংশ নেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. জিনাত আরা, মেরী স্টোপস বাংলাদেশের চেয়ারপারসন ডা. ইয়াসমিন আহমেদ, আইপাসের কান্ট্রি ডিরেক্টর ডা. রুবাইয়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আখতার এবং ইউএনএফপিএর যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিশেষজ্ঞ এবং পার্টনারশিপ অ্যান্ড ফান্ড রেইজিং প্রধান মঞ্জুন নাহার।