Home জাতীয় বাংলাদেশে কূটনৈতিক উপস্থিতি বাড়াতে দক্ষিণ আফ্রিকাকে ঢাকার আহ্বান

বাংলাদেশে কূটনৈতিক উপস্থিতি বাড়াতে দক্ষিণ আফ্রিকাকে ঢাকার আহ্বান

0

ঢাকা অফিস।।

ঢাকায় আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়টি বিবেচনা করতে দক্ষিণ আফ্রিকার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে রাজনৈতিক যোগাযোগ, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং কনস্যুলার সেবা আরো জোরদার করতে ঢাকায় আবাসিক মিশন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

একই সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ী, কর্মকর্তা, শিক্ষার্থী ও অন্যান্য ভ্রমণকারীদের জন্য দক্ষিণ আফ্রিকার ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক আনিল সুকলাল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব বিষয় তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা থাকলেও তা এখনো পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি বলে উভয় পক্ষ উল্লেখ করে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে একটি যৌথ বাণিজ্য ফোরাম গঠন এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

এ সময় রোহিঙ্গাদের প্রতি দক্ষিণ আফ্রিকার অব্যাহত সমর্থনের প্রশংসা করেন হুমায়ুন কবির। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারে ফেরানোর আন্তর্জাতিক প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকাকে ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।