Home স্বাস্থ্য বাজারে শীতের পণ্যের চাহিদা বাড়ছে

বাজারে শীতের পণ্যের চাহিদা বাড়ছে

0


মিলি রহমান।।

শীত মৌসুম ঘিরে দেশের বিউটি ও পার্সোনাল কেয়ার পণ্যের বাজারে বাড়ছে চাহিদা ও পণ্যের বৈচিত্র্য। ত্বক ও চুলের পরিচর্যা থেকে শুরু করে শিশুর যত্ন এবং সাজসজ্জার বিভিন্ন সামগ্রী নিয়ে বাজারে সক্রিয় রয়েছে দেশি-বিদেশি ব্র্যান্ডগুলো। মৌসুমি চাহিদাকে সামনে রেখে পণ্যসম্ভার বিস্তৃত করছে প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে একটি ব্র্যান্ডের অধীনে একাধিক ক্যাটাগরির পণ্য পাওয়ার প্রবণতাও বাড়ছে।

বাংলাদেশের বিউটি ও পার্সোনাল কেয়ার বাজারে পন্ডস, লাক্স, মেরিল, প্যারাস্যুট, তিব্বতসহ বিভিন্ন ব্র্যান্ড দীর্ঘদিন ধরে পরিচিত। এসব ব্র্যান্ডের পণ্যসম্ভারে রয়েছে ত্বক, চুল ও শরীরের পরিচর্যার নানা সামগ্রী। পাশাপাশি নতুন ব্র্যান্ডগুলোও বিভিন্ন ক্যাটাগরিতে পণ্য নিয়ে বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। রিমার্ক এইচবি লিমিটেডের ব্র্যান্ড লিলি এরই মধ্যে ৩৭টি ক্যাটাগরির পণ্য নিয়ে বাজারে উপস্থিতি তৈরি করেছে।

শীত মৌসুমে ত্বকের শুষ্কতা মোকাবিলায় ময়েশ্চারাইজার, লোশন, ক্রিম, পেট্রোলিয়াম জেলি, লিপবাম ও গ্লিসারিনের মতো পণ্যের ব্যবহার বাড়ে। একই সঙ্গে চুলের পরিচর্যায় হেয়ার অয়েল ও সিরাম এবং শিশুদের যত্নে বেবি লোশন, বেবি অয়েল ও ক্রিমের চাহিদাও গুরুত্ব পায়। মৌসুমভিত্তিক এসব চাহিদাকে সামনে রেখে ব্র্যান্ডগুলো পণ্য ও বাজারজাতকরণ কার্যক্রম সাজাচ্ছে।

বাজারে পণ্যের বৈচিত্র্য বাড়ার সঙ্গে সঙ্গে এক ব্র্যান্ডের অধীনে একাধিক ধরনের পণ্য পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। স্কিনকেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার, বেবি কেয়ার, কালার কসমেটিকস ও বিউটি অ্যাক্সেসরিজসহ বিভিন্ন বিভাগে বিস্তৃত হচ্ছে পণ্যসম্ভার। লিলির পণ্য তালিকায় ফেসওয়াশ, ফেসমাস্ক, সিরাম জেল, সুথিং জেল, ময়েশ্চারাইজিং লোশন, বিউটি ক্রিম, লিপবাম ও মাইসেলার ওয়াটার রয়েছে। চুলের পরিচর্যায় রয়েছে শ্যাম্পু, সিরাম অয়েল ও হেয়ার গ্রোথ অয়েল।

প্রসাধনী বিভাগে লিপস্টিক, লিপগ্লস, মাসকারা, আইলাইনার, কাজল, ফাউন্ডেশন, বিবি ক্রিম, কনসিলার, কমপ্যাক্ট পাউডার, ব্লাশ, কনট্যুর, আইশ্যাডো প্যালেট ও নেইলপলিশের মতো পণ্য রয়েছে। পাশাপাশি শিশুদের জন্য আলাদা পণ্যসিরিজ এবং সৌন্দর্যচর্চার আনুষঙ্গিক উপকরণও যুক্ত হচ্ছে পণ্যসম্ভারে।

অন্যদিকে মেরিলের পণ্যসম্ভারে রয়েছে পেট্রোলিয়াম জেলি, সাবান, শাওয়ার জেল, গ্লিসারিন, লিপবাম, শ্যাম্পু ও বিভিন্ন ধরনের শিশুদের পরিচর্যার পণ্য। পন্ডসের রয়েছে ফেসওয়াশ, স্ক্রাব, কোল্ড ও ভ্যানিশিং ক্রিম, ময়েশ্চারাইজার, ডে-নাইট ক্রিম, ফেস সিরাম, সানস্ক্রিন, বিবি ক্রিম ও ট্যালকম পাউডার। পুরুষদের জন্যও রয়েছে আলাদা পণ্যসিরিজ।

প্যারাস্যুটের মূল পরিচিতি নারকেল তেলভিত্তিক হেয়ার কেয়ার পণ্য দিয়ে। বর্তমানে বিভিন্ন ধরনের হেয়ার অয়েল ও শ্যাম্পুর পাশাপাশি বেবি লোশন, বেবি অয়েল, বেবি সাবান, বেবি শ্যাম্পু ও টপ-টু-টো ওয়াশ রয়েছে। তিব্বত ব্র্যান্ডের পণ্যসম্ভারে সাবান, পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন, পমেড, লিপ জেল, ট্যালকম ও প্রিকলি হিট পাউডারসহ বিভিন্ন পরিচর্যার সামগ্রী রয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিউটি ও পার্সোনাল কেয়ার খাতে ব্র্যান্ডগুলোর প্রতিযোগিতা এখন শুধু পরিচিত পণ্য ঘিরে সীমাবদ্ধ নেই। নতুন ক্যাটাগরিতে প্রবেশ, প্যাকেজিং, ফর্মুলেশন ও পণ্যের মান ধরে রাখার পাশাপাশি ভোক্তার আস্থা অর্জনও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশীয় উৎপাদনকারীরা নতুন পণ্য নিয়ে বাজারে আসায় ভোক্তাদের সামনে বিকল্পও বাড়ছে।

অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকদের মতে, দেশীয় ব্র্যান্ডগুলোর পণ্য বৈচিত্র্য ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধি আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি স্থানীয় শিল্পের বিকাশে ভূমিকা রাখতে পারে। তবে বাজারে দীর্ঘমেয়াদে অবস্থান ধরে রাখতে পণ্যের মান, নিরাপত্তা, সঠিক মূল্য ও ভোক্তার আস্থাকে গুরুত্ব দিতে হবে।

শীত মৌসুমে পরিচর্যার পণ্যের চাহিদা বৃদ্ধিকে সামনে রেখে বাজারে ব্র্যান্ডগুলোর এই পণ্য বৈচিত্র্য ভোক্তাদের জন্য নতুন বিকল্প তৈরি করছে। একই সঙ্গে দেশীয় বিউটি ও পার্সোনাল কেয়ার শিল্পের প্রতিযোগিতা ও সম্প্রসারণের সম্ভাবনাও বাড়ছে।