স্পোর্টস ডেস্ক।।
ব্যাট হাতে তখনো প্রস্তুত নন ডিয়েন্ড্রা ডটিন। হেলমেট ঠিক করছেন, গ্লাভস পরছেন। এদিকে বোলার সারাহ গ্লেন বল হাতে অপেক্ষায়। কিন্তু অপেক্ষারও তো একটা সময় আছে!
ক্রিজে ব্যাট হাতে প্রস্তুত হওয়ার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় স্টাম্পের সামনে থেকে ডটিনকে সরে দাঁড়াতে বললেন আম্পায়ার। ব্যাটার ছাড়াই বল করার সুযোগ পেলেন সারাহ গ্লেন। আর সেই সুযোগ কাজে লাগিয়ে স্টাম্প ভেঙে দিলেন তিনি! নারী বিগ ব্যাশে এমন অদ্ভুত আউটের শিকার হলেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার ডটিন।
ঘটনাটি ব্রিসবেন হিট ও মেলবোর্ন রেনেগেডসের ম্যাচে। জর্জিয়া ওয়ারহ্যামের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন ডটিন। তবে মাঠে এসেই ব্যাটিংয়ের প্রস্তুতি নিতে পারেননি তিনি। সরঞ্জামের কিছুটা এলোমেলো অবস্থার কারণে হেলমেট ঠিক করতে এবং গ্লাভস পরতে ব্যস্ত হয়ে পড়েন এই ক্যারিবীয় ব্যাটার।
সময় পেরিয়ে যাওয়ায় তার জন্য আর অপেক্ষা করেননি আম্পায়াররা। ২০২১ সালের নারী বিগ ব্যাশ মৌসুমের আগে খেলার গতি বাড়াতে নতুন নিয়ম চালু করা হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটারকে ৭৫ সেকেন্ডের মধ্যে পরের বল মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে। অথবা নন-স্ট্রাইকারকে বল গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে। আম্পায়ারদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুত হতে পারেননি ডটিন।
তাই তাকে স্টাম্প থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে গ্লেনকে দেওয়া হয় ফ্রি বল। ব্যাটার ছাড়াই বল করার সুযোগ পেয়ে গ্লেন সরাসরি আঘাত করেন মিডল ও লেগ স্টাম্পে। কোনো বল খেলার সুযোগ না পেয়েই ডায়মন্ড ডাক নিয়ে ফিরতে হয় ডটিনকে।
এমন অদ্ভুত উইকেট পেয়ে শুরুতে নিজেই যেন বিশ্বাস করতে পারছিলেন না গ্লেন। কীভাবে উদ্যাপন করবেন, তা বুঝতে না পেরে হেসে ফেলেন। দুই হাত দিয়ে মুখ ঢাকেন। পরে সতীর্থরা গ্লেনকে ঘিরে ধরে উদযাপনে মাতেন।
ডটিনের এমন বিদায়ে ৩৪ বলে ৪১ রান প্রয়োজন ছিল রেনেগেডসের। হাতে ছিল পাঁচ উইকেট। শেষ পর্যন্ত অবশ্য নাটকীয়ভাবে ম্যাচটি জিতে নেয় তারা। ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বলে তিন উইকেটের জয় পায় মেলবোর্নের দলটি।











































