Home খেলাধুলা ”দেশ আমার, মাটিও আমার—ফিরে আসব”

”দেশ আমার, মাটিও আমার—ফিরে আসব”

2

স্পোর্টস ডেস্ক।।

কুঁচকির চোটের কারণে ফর্টিস এফসির হয়ে ফেডারেশন কাপের ম্যাচ খেলতে পারেননি। তবে মঙ্গলবার (২৪ নভেম্বর) দলের ম্যাচ দেখতে ঠিকই হাজির হয়েছেন জাপানি বংশোদ্ভূত ফুটবলার সুকি ইতোফুসা। ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখা সুকি ম্যাচের পর মাঠে নামতেই তাকে ঘিরে ধরেন সংবাদকর্মীরা।

কিন্তু ইংরেজিতে কথা বলতে স্বাচ্ছন্দ্য নয় বলে এ ফুটবলার বারবার এড়িয়ে যান মিডিয়াকে। শেষ পর্যন্ত মিডিয়ার সামনে এসে ভাঙা ভাঙা ইংরেজিতে বলেন সুকি, ‘এটা আমাদের দেশ। আমি এখানে ফিরে আসবই। যখনই জাতীয় দলে ডাক আসবে, আমি ফের আসব।’

ফর্টিস এফসি ছেড়ে ঠিক কোনো দেশের লিগে খেলতে যাচ্ছেন সুকি তা এখনও চূড়ান্ত করেননি। জাপান প্রবাসী এ ফুটবলার জানিয়েছেন তার এজেন্ট উন্নত কোনো দেশের লিগে খেলার ব্যাপারে কাজ করছেন। শোনা যাচ্ছে মালয়েশিয়া বা থাইল্যান্ডের কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন সুকি। তবে থাইল্যান্ডে যাওয়ার সম্ভাবনা বেশি।

এএফসি চ্যালেঞ্জ লিগ এবং বাংলাদেশ ফুটবল লিগে ফর্টিসের জার্সিতে খেলা সুকির কাছে মনে হয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবল কাঠামোর মান ততটা উন্নত নয়। এসব কারণেই নাকি ফর্টিস ছাড়ছেন তিনি। যদিও দেশে ঘরোয়া প্রতিযোগিতার মান ভালো বলেছেন তিনি।

উন্নত লিগে খেলে বাংলাদেশের জার্সিতে ভালো করতেই নাকি ফর্টিস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সুকি, ‘নিজের জন্যও আমার একটি শীর্ষ লিগে উচ্চ পর্যায়ে ফুটবল খেলার ইচ্ছা রয়েছে। আর জাতীয় দলের হয়ে ভালো পারফর্ম করার জন্য, জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরার জন্য আমি অন্য একটি লিগে নিজেকে গড়ে তুলতে চাই এবং কঠোর পরিশ্রম করতে চাই, যাতে বাংলাদেশ জাতীয় দলের সদস্য হিসেবে আবার জয় এনে দিতে পারি।’

বাংলাদেশ ফুটবল লিগের প্রথম লেগ চলমান। এরই মধ্যে চুক্তিবদ্ধ একজন ফুটবলার কখনও ক্লাব ছাড়তে পারেন না। কিন্তু দেশের স্বার্থে আপাতত চুক্তির বেড়াজালে সুকিকে আটকাতে চায় না ফর্টিস।

ক্লাবের সভাপতি বলেন, ‘তার সঙ্গে আমাদের এক বছরের চুক্তি ছিল। আমরা চাইলে বা আমাদের চুক্তির বেড়াজালে তাকে আটকাতে পারতাম। বাট যেহেতু এখানে ন্যাশনাল টিমের ইস্যু, আমরা ফর্টিস শুরু থেকে একটা ক্লাব করছি যে ন্যাশনাল টিম ভালো করলে, আমরা আমাদের দিন শেষে সাকসেস এটাই। ও যেহেতু একটা ইয়াংস্টার প্লেয়ার, ও যেহেতু আমার দেশি প্লেয়ার, হ্যাঁ, ওর যেহেতু একটা বাইরের ফুটবল ক্লাবে খেলার একটা অফার আছে, অবশ্যই ফর্টিস এটার ব্যাপারে ১০০ ভাগ সাপোর্ট দিবে। অবশ্যই আমরা রিলিজ দিব, সে যেন ওখান থেকে ভালো খেলে এসে আমাদের দেশকে ভালো কিছু দিতে পারে।’