ঢাকা অফিস।।
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন অথবা নতুন চুক্তির বিষয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
১৯৯৬ সালের ডিসেম্বরে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং চুক্তি নবায়ন বা নতুন চুক্তির বিষয়ে বাংলাদেশের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে।
বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এখন ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। হুমায়ুন কবির বলেন, আমাদের পক্ষ থেকে যা যা করার, আমরা করছি। এ বিষয়ে আমরা অত্যন্ত স্বচ্ছ। আপনাদের সঙ্গে তথ্য ভাগাভাগি করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখব।











































