Home আঞ্চলিক খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৬ বছরে পদার্পণ: সামনে আবাসন, গবেষণা ও মানোন্নয়নের চ্যালেঞ্জ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৬ বছরে পদার্পণ: সামনে আবাসন, গবেষণা ও মানোন্নয়নের চ্যালেঞ্জ

0


স্টাফ রিপোর্টার।।

শান্তিপূর্ণ ক্যাম্পাস, মানসম্মত শিক্ষা ও গবেষণার অঙ্গীকার নিয়ে ৩৫ বছরের শিক্ষা কার্যক্রম পেরিয়ে ৩৬ বছরে পদার্পণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। দীর্ঘ পথচলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিতি পেলেও আবাসন সংকট, গবেষণার সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষার স্বীকৃতি অর্জনের মতো চ্যালেঞ্জ এখনো প্রতিষ্ঠানটির সামনে রয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। ১৯৯১ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। সেই হিসাবে ৩৫ বছর পূর্ণ করে ৩৬তম বছরে পা রাখল প্রতিষ্ঠানটি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের নেতৃত্বাধীন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর ক্যাম্পাসে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, একাডেমিক কার্যক্রম সচল রাখা, গবেষণায় গতি আনা এবং প্রশাসনিক কাঠামো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন প্রশাসনের উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে দেশের প্রথমবারের মতো সব ডিসিপ্লিনে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, স্নাতক পর্যায়ে গবেষণা অনুদান চালু এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশনায় আর্থিক প্রণোদনা প্রদান। আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে বিভিন্ন ডিসিপ্লিনের অ্যাক্রেডিটেশনের আবেদনও করা হয়েছে। এ ছাড়া শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে গবেষণার সংযোগ বাড়াতে চালু করা হয়েছে ‘খুলনা বিশ্ববিদ্যালয় কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম’।

বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটাতে ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের তিনটি উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা (ডিপিপি) চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এসব প্রকল্পে আবাসিক হল, শ্রেণিকক্ষ ও গবেষণাগার সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে প্রকল্পগুলোর অনুমোদন, অর্থায়ন এবং দ্রুত বাস্তবায়নই এখন শিক্ষার্থীদের প্রধান প্রত্যাশা।

দীর্ঘ সাত বছর পর বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৩ জানুয়ারি ২০২৭ তারিখে এ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন ধরে সমাবর্তনের অপেক্ষায় থাকা সাবেক শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ আয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দিবসটি উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, প্রতিষ্ঠার পর থেকে নানা চ্যালেঞ্জ অতিক্রম করে খুলনা বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের শুধু জ্ঞান ও দক্ষতা অর্জন নয়, সৃজনশীল, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে উপাচার্যের পাশাপাশি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান ও ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারীসহ খুলনার সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গত বছরের কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা দেওয়া হয় এবং স্মরণিকা প্রকাশ করা হয়। পরে অদম্য বাংলা প্লাজায় ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বিভিন্ন স্কুল ও ডিসিপ্লিনের অর্জন এবং আগামী বছরের পরিকল্পনা তুলে ধরা হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া দিবসটি ঘিরে ক্যাম্পাসের প্রধান ফটক, সড়ক ও ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে।