Home আঞ্চলিক খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্গঠনের অভিযোগে শেখ হারুনের পিএ দীপ পান্ডে গ্রেপ্তার

খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্গঠনের অভিযোগে শেখ হারুনের পিএ দীপ পান্ডে গ্রেপ্তার

4


স্টাফ রিপোর্টার।।


খুলনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্গঠনের চেষ্টা এবং সম্ভাব্য নাশকতার পরিকল্পনার অভিযোগে দীপ পান্ডেকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি খুলনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ হারুনুর রশিদের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে পরিচিত।


বুধবার (২৫ নভেম্বর) রাতে নগরীর সাহেবের কবরখানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নগর গোয়েন্দা বিভাগের উপকমিশনার আহাদুজ্জামান জানান, ডিবির এসআই সাইদ বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ দল নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় দীপ পান্ডেকে গ্রেপ্তার করা হয়। খুলনায় সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।


ডিবি কর্মকর্তা সাইদ বিশ্বাস জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দীপ পান্ডে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। এ সময় তিনি নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন বলেও তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।


গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড, নগরীতে ধারাবাহিক ককটেল নিক্ষেপ ও অগ্নিসন্ত্রাসের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।


নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক তৎপরতা, গোপন বৈঠক এবং নগরীতে সাম্প্রতিক ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনাগুলোর সঙ্গে দীপ পান্ডের যোগসূত্র রয়েছে বলে ডিবির এসআই সাইদ বিশ্বাস জানান। তাকে রিমান্ডে নেওয়া হলে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে সাধারণ মানুষের ধারনা।