Home আঞ্চলিক নগর সবুজায়ন রক্ষায় কঠোর অবস্থানে কেসিসি: রোপিত গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে...

নগর সবুজায়ন রক্ষায় কঠোর অবস্থানে কেসিসি: রোপিত গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নির্দেশ

2
ফাইল ফটো


স্টাফ রিপোর্টার।।
সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে খুলনা মহানগরীতে সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। গবাদি পশু ছেড়ে দিয়ে গাছ খাওয়ানো, গাছের ওপর নির্মাণসামগ্রী রাখা এবং গাছের জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাট বসানোর অভিযোগে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।


কেসিসি সূত্রে জানা গেছে, সরকারি কর্মসূচির আওতায় নগরীতে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এর মধ্যে ইতিমধ্যে নগরীর বিভিন্ন উন্মুক্ত ও গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ২৩ হাজার ৫০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। বিশেষায়িত হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের এলাকা, মুজগুন্নী মহাসড়ক (নতুন রাস্তা মোড় থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল পর্যন্ত), নিরালার মোড়, নিরালার সিটি কলেজ হোস্টেল এবং তাবলিগ মসজিদের সামনের অংশসহ বিভিন্ন সড়কের পাশে এসব গাছ লাগানো হয়েছে।


তবে সম্প্রতি দেখা যাচ্ছে, নগরীর বিভিন্ন স্থানে সদ্য রোপিত এসব গাছের ব্যাপক ক্ষতিসাধন করা হচ্ছে। কোথাও হকার ও ব্যবসায়ীরা গাছের চারপাশে ও ভেতরে দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন, আবার কোথাও ইট, বালু, খোয়াসহ নির্মাণসামগ্রী সরাসরি গাছের ওপর ফেলে রাখা হচ্ছে। এতে সুরক্ষা বেষ্টনী ভেঙে চারাগাছগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এদিকে, দৌলতপুর থানাধীন কেসিসির ৬ নম্বর ওয়ার্ডের নতুন রাস্তা মোড় থেকে বিজিবি ৩ নম্বর গেট পর্যন্ত মুজগুন্নী মহাসড়কে রোপিত দুই শতাধিক গাছ নষ্ট করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও ওয়ার্ড সচিবের অভিযোগ অনুযায়ী, দৌলতপুর থানার পাবলা দক্ষিণপাড়ার বাসিন্দা মৃত বশির উল্লাহ ওরফে বসু মিয়ার ছেলে শেখ মো. ইব্রাহিমের পালিত ৮-৯টি গরু ছেড়ে দেওয়ায় এসব গাছ নষ্ট হয়েছে। বারবার সতর্ক করার পরও গরুগুলো ছেড়ে রাখায় ‘পরিবেশ দূষণ রোধ ও কেসিসির নগর সবুজায়ন প্রকল্প’ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানান ৬ নম্বর ওয়ার্ড সচিব শেখ মো. জুলফিকার আলী। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করে জরুরি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।


অন্যদিকে, নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে সদ্য রোপিত গাছের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনারের কাছে পত্র পাঠিয়েছেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) রাজিব আহমেদ। পাশাপাশি খুলনা সদর, সোনাডাঙ্গা মডেল, খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানাসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এবং কেসিসির এস্টেট অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।


কেসিসি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, নগরীর পরিবেশ সুরক্ষা এবং সবুজায়ন প্রকল্প রক্ষায় রোপিত গাছ নষ্ট বা জায়গা দখলকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং এ বিষয়ে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।