Home Lead রাজনীতিতে নয়া বাতাস

রাজনীতিতে নয়া বাতাস

8

ঢাকা অফিস।।

জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্রীয় স্থিতিশীলতা, জননিরাপত্তা ও রাজনৈতিক সংকট মোকাবিলায় মতপার্থক্য সরিয়ে বৃহত্তর ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। সরকার ও বিরোধী দলের নেতাদের বক্তব্যে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান উঠে আসছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে মতাদর্শগত ভিন্নতা থাকলেও জাতীয় সংকট মোকাবিলায় আলোচনার মাধ্যমে সমন্বয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সমন্বয় ও সংলাপের উদ্যোগকে রাজনীতিতে নতুন সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে।

সরকারি ও বিরোধী দলের নেতারা বলছেন, রাজনৈতিক মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য। তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও জননিরাপত্তার প্রশ্নে দলগুলোর মধ্যে ঐক্য থাকা প্রয়োজন। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলাসহ বিভিন্ন সংকটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয়ের আলোচনা চলছে। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। এনসিপিসহ অন্যান্য দলও জাতীয় ঐক্যের বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, দেশে সুস্থ গণতান্ত্রিক চর্চার নতুন পরিবেশ তৈরি হচ্ছে। দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে সরকারি ও বিরোধী—উভয় পক্ষের রাজনৈতিক শক্তির সংসদে প্রতিনিধিত্ব এবং সেখানে মতপার্থক্য তুলে ধরার সুযোগ গণতন্ত্রের জন্য ইতিবাচক।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির মধ্যে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রয়েছে। প্রধানমন্ত্রীর জাতীয় সংকটে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও রাজনৈতিক সংলাপের সুযোগ তৈরি করেছে। অধ্যাপক শামছুল আলমের মতে, এ উদ্যোগকে শর্তের বেড়াজালে সীমাবদ্ধ না রেখে জাতীয় স্বার্থে পারস্পরিক আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া প্রয়োজন। বিশেষ করে গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য জরুরি। মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য হলেও তা যেন জাতীয় সংকট মোকাবিলায় বাধা হয়ে না দাঁড়ায়।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে পারলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হওয়ার পাশাপাশি রাজনৈতিক সহাবস্থানের সংস্কৃতিও গড়ে উঠবে।

চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জাতীয় ঐক্যের স্বার্থে সংসদের বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে এক জায়গায় এসে দাঁড়াতে হবে। সরকারকে বিশৃঙ্খলার মধ্য দিয়ে বিপদে ফেলার চেষ্টা করা হলে সংশ্লিষ্টরা আগামী দিনে গণশত্রু হিসেবে চিহ্নিত হবেন বলেও মন্তব্য করেন তিনি। দুদু বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাঁর দলবল ও আত্মীয়-স্বজন বাংলাদেশের জন্য কতটা অপ্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছেন, তা তাঁদের বোঝা উচিত। বাংলাদেশের মানুষ এখন যে অবস্থায় রয়েছে, সে অবস্থায় শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশের মধ্যে পেলে তাঁদের রক্ষা করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষেও কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের হাতে তাঁরা ধরা পড়লে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা বলা কঠিন। নিজের দোষ ও অপশাসনের কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে চলে গেছেন বলেও দাবি করেন দুদু। তাঁর অভিযোগ, এরপরও দেশে বিশৃঙ্খলা, মানুষ হত্যা ও আগুনসন্ত্রাসের মতো কর্মকাণ্ড শুরু করা হয়েছে। জাতির বিপদে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বাংলাদেশে বিএনপি, জামায়াত কিংবা এনসিপি বলে কোনো বিভেদ থাকবে না। এ বিষয়ে পুরো বাংলাদেশ এক দল হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাঁদের দুটি বিষয় রক্ষা করতে হবে। এর মধ্যে গণভোটের গণরায় বাস্তবায়নের বিষয়টি অন্যতম।

তিনি বলেন, ‘আমরা তাদের স্পষ্ট বলতে চাই, বাংলাদেশকে যদি গাজা বানানোর স্বপ্ন দেখেন, ১৮ কোটি বাংলাদেশি ভারতের দিকে মার্চ করবে, ইনশা-আল্লাহ।’এনসিপির এই নেতা আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদীরা সীমান্তে বাসা বেঁধেছে। তাদের আধিপত্যের বিরুদ্ধে দেশের ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে দেশে কোনো দলীয় বিভেদ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফ্যাসিবাদ দেশে ফেরার কোনো সুযোগ নেই। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রের সর্বস্তরে সংস্কার বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, জাতীয় সংসদ, সংবিধান ও সামগ্রিক রাষ্ট্রব্যবস্থায় মানবিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। আওয়ামী লীগ নেতাদের প্রসঙ্গে জুবায়ের বলেন, ক্ষমতা ছেড়ে চলে গেলেও তাঁরা প্রতিবেশী দেশে আশ্রয় নিয়ে উসকানি ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। জাতীয় ঐক্যের আহ্বানকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, শুধু মুখে ঐক্যের কথা বললে হবে না, সংস্কার কার্যক্রমও বাস্তবায়ন করতে হবে।