ঢাকা অফিস।।
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টিভির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তসলিম ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। কাফরুল ও মিরপুর এলাকায় কামাল মজুমদারের রাজনৈতিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা ছিল।
তবে কোন মামলায় বা কী অভিযোগে এবং কোথা থেকে তসলিমকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিএমপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
তসলিম দীর্ঘদিন মোহনা টেলিভিশনের শীর্ষ ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন। একপর্যায়ে তিনি চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।











































