Home জাতীয় স্বাধীন সাংবাদিকতায় বাধা দেওয়ার ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

স্বাধীন সাংবাদিকতায় বাধা দেওয়ার ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

5

ঢাকা অফিস।।

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রেখে সরকার গণমাধ্যমকে সহযোগিতা করতে চায়।

ভবিষ্যতে কোনো সরকার যাতে রাজনৈতিকভাবে এসব আইনের অপব্যবহার করতে না পারে, সে বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়, বরং স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ ক্ষেত্রে বাক্‌স্বাধীনতা অক্ষুণ্ন রেখে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যম খাতে নানা ধরনের সমস্যা রয়েছে। সাংবাদিকদের বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা, ওয়েজ বোর্ড বাস্তবায়ন, গণমাধ্যম কমিশন গঠন, অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন এবং মফস্বল সাংবাদিকদের পেশাগত সংকটসহ বিভিন্ন বিষয় সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি আরও বলেন, প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় সাংবাদিকতার পরিচয় ও অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন প্রক্রিয়ায় শৃঙ্খলা আনা জরুরি। বর্তমানে অনেক অনলাইন সংবাদমাধ্যম সম্পর্কে সরকারের কাছে পর্যাপ্ত তথ্য নেই। তবে এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে গেলেই বাক্‌স্বাধীনতার প্রশ্ন সামনে আসে। তাই গণমাধ্যমের স্বাধীনতা বজায় রেখেই এসব সমস্যার সমাধান করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকতার নামে অশালীন ভাষার ব্যবহার, ব্যক্তিগত আক্রমণ ও সাইবার হয়রানির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তথ্যমন্ত্রী। সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের আইনের অপব্যবহারের কোনো অভিপ্রায় বর্তমান সরকারের নেই।

নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও ক্ষমতায়নেও সরকার সহযোগিতা করতে আগ্রহী বলে জানান মন্ত্রী। তিনি বলেন, তাদের সংগঠনের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, নিজস্ব কার্যালয়ের ব্যবস্থা, প্রশিক্ষণ এবং প্রকাশনা তালিকাভুক্তির বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।

নারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বিশেষ প্রশিক্ষণ এবং কর্মপরিবেশ উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি। নারীদের অবহেলা করার কোনো মানসিকতা সরকারের নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁদের কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে সরকারের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নারী ক্ষমতায়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, তার আমলেই নারীদের অবৈতনিক শিক্ষাসহ নারী ক্ষমতায়নের ভিত্তি রচিত হয়েছিল। বর্তমান সরকার সেই ধারাকে আরও বড় পরিসরে এগিয়ে নিয়ে যাচ্ছে।

ইয়াসের খান চৌধুরী জানান, বর্তমানে এ মন্ত্রণালয়ের সচিব, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক এবং নিমকোর উপমহাপরিচালক-সবাই নারী। সরকারের মধ্যে নারী-পুরুষ বৈষম্যের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও কারিগরি সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উইমেন জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা মমতাজ বিলকিস বানু, সভাপতি ফাহমিদা আহমদ, সাধারণ সম্পাদক লাবিন রহমান, অর্থ সম্পাদক শাহনাজ পলি এবং সহসভাপতি শিরিন সুলতানা ও শারমিন রিনভী উপস্থিত ছিলেন।