Home খেলাধুলা মুস্তাফিজের দুর্দান্ত বোলিং, ৪৫ রানের বড় জয় দুবাই ক্যাপিটালসের

মুস্তাফিজের দুর্দান্ত বোলিং, ৪৫ রানের বড় জয় দুবাই ক্যাপিটালসের

2

স্পোর্টস ডেস্ক।।

আইএলটি-টোয়েন্টিতে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৪৫ রানের জয় পেয়েছে দুবাই ক্যাপিটালস। ম্যাচে সুপার সাব হিসেবে মাঠে নেমে ১২ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন পেসার মুস্তাফিজুর রহমান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ব্যাটিং করে দুবাই ক্যাপিটালস। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৬৪ রান। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ অবদান অধিনায়ক স্যাম বিলিংসের। ৩১ বলে ৪৩ রান করেন তিনি।

রভম্যান পাওয়েলও ছিলেন আক্রমণাত্মক। মাত্র ১২ বলের ইনিংসে ২৮ রান যোগ করেন এই ব্যাটার। ডেজার্ট ভাইপার্সের বোলারদের মধ্যে খুজাইমা তানভীর একাই নেন ৩ উইকেট। জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্য পেলেও ব্যাটিংয়ে দাঁড়াতেই পারেনি ডেজার্ট ভাইপার্স।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলটি শেষ পর্যন্ত ১১৯ রানেই গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান আসে আন্দ্রিস গোউসের ব্যাট থেকে। ৩০ বলের ইনিংসটি খেললেও দলকে জয়ের পথে এগিয়ে নিতে পারেননি তিনি। শেষ দিকে টম কারান ৮ বলে ১৮ রান করেন। তবে বাকি ব্যাটারদের কেউই ২০ রান করতে পারেননি।

দুবাইয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নূর আহমেদ। মাত্র ২০ রান খরচ করে ৪ উইকেট নেন তিনি। মুস্তাফিজ প্রথম ওভারেই একটি উইকেট তুলে নিয়ে নিজের তৃতীয় ওভারে দ্বিতীয় শিকার ধরেন। এ ছাড়া দুশমন্থ চামিরা ও হাসান খান দুটি করে উইকেট নেন।