Home আঞ্চলিক খুলনায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৩, ইয়াবা উদ্ধার

খুলনায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৩, ইয়াবা উদ্ধার

1

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগর ও জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিভিন্ন মামলায় ও অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৭৫টি ইয়াবা বড়ি উদ্ধার এবং ১৪টি যানবাহন আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও জেলা পুলিশের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কেএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় পুলিশের আটটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান চালায়। এসব অভিযানে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া চারটি মোটরসাইকেল আটক করা হয়েছে।

কেএমপির আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ও শিশু অপহরণ মামলার ভুক্তভোগীকে উদ্ধারের তথ্য জানানো হয়। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে লবণচরা থানা-পুলিশ। তাঁরা হলেন—রাকিব হাসান (২২), মো. এমদাদুল হক সরদার (৪৫) ও মোছা. শারমিন আক্তার ওরফে ময়না (৩৮)। গতকাল বুধবার ঢাকা মহানগরীর কদমতলী থানার গ্যাসের গলি-সংলগ্ন পাটেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে খুলনা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার নয়টি থানায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান ও যানবাহন তল্লাশি চালানো হয়েছে। এসব অভিযানে বিভিন্ন মামলায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৭৩৮টি যানবাহন তল্লাশি, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯টি মামলা এবং ১০টি যানবাহন আটক করা হয়। মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয় ৭৫টি ইয়াবা বড়ি।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।