Home খেলাধুলা সাইবার হামলার কবলে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা

সাইবার হামলার কবলে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা

0

স্পোর্টস ডেস্ক।।

সাইবার হামলার শিকার হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি নিশ্চিত করেছে, এই হ্যাকিংয়ের ফলে তাদের কিছু ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক (ব্যবসায়িক) তথ্য চুরি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্ট জানিয়েছে, ফাঁস হওয়া এই তথ্যের মধ্যে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বহুল আলোচিত ও ব্যর্থ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা—বিতর্কিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবনা সংক্রান্ত কোনো নথি নেই।

এদিকে গোপনীয়তার চুক্তিতে (নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষর করার শর্তে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারপারসন ডেবি হিউইটকে চলতি সপ্তাহেই ওই নথিগুলো দেখার অনুমতি দেওয়া হয়েছিল।

জানা গেছে, ফিফার প্রযুক্তিগত বা সিস্টেমের কোনো ত্রুটির কারণে এই তথ্য চুরি হয়নি। বরং হ্যাকাররা ফিফা কর্মীদের ছদ্মবেশ ধারণ করে এবং তাদের বিভ্রান্ত করে এসব নথিতে প্রবেশাধিকার পেতে সক্ষম হয়।

এক বিবৃতিতে ফিফা জানায়, বৈশ্বিক ক্রীড়া সংস্থাটি একটি অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে, যার ফলে সীমিত পরিসরে কিছু ব্যক্তিগত এবং ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে। ফিফা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে কাজ করছে।

বিবৃতিতে আরো বলা হয়, বিশেষ করে ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে সংগ্রহ এবং প্রকাশের ঘটনার তীব্র নিন্দা জানায় ফিফা। এ ধরনের কর্মকাণ্ড গোপনীয়তার গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন এবং এটি সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।

অনলাইনে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি হ্যাকার গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে। গত সপ্তাহে তারা ফিফার কিছু নথির স্ক্রিনশটও প্রকাশ করেছিল।

হ্যাকার গ্রুপটির দাবি, তারা ফিফার ১২ গিগাবাইট তথ্যের নাগাল পেয়েছে।

তবে বিশ্লেষণে দেখা গেছে, এই পরিমাণ তথ্য ফিফার সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম এবং এটি মূলত কোনো নির্দিষ্ট ব্যক্তির বদলে সরাসরি সংস্থাটিকে লক্ষ্য করেই চালানো হয়েছিল।