স্টাফ রিপোর্টার।।
সরকারি অর্থায়নে পরিচালিত বিনামূল্যের ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচিতে অনিয়ম ও প্রশিক্ষণার্থীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ খতিয়ে দেখতে খুলনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন দুদকের উপ-সহকারী পরিচালক মহসিন আলী, শামীম রেজা ও হাসিবুর রহমান।
অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে মহসিন আলী জানান, বিআরটিসির চার মাসব্যাপী ‘ড্রাইভিং ও বেসিক রক্ষণাবেক্ষণ’ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ আদায়ের অভিযোগ পায় দুদক। অভিযোগ অনুযায়ী, প্রশিক্ষণ শেষে বিআরটিএর অধীনে ড্রাইভিং লাইসেন্সের চূড়ান্ত পরীক্ষার সময় প্রত্যেক প্রশিক্ষণার্থীর কাছ থেকে অতিরিক্ত ২ হাজার ৫০০ টাকা করে নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, প্রতিটি ব্যাচে ১০০ জন করে প্রশিক্ষণার্থী অংশ নেন। সরকারি নিয়ম অনুযায়ী, চার মাসের এ প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার কথা। সঙ্গে প্রশিক্ষণ শুরুর ৩০ দিন পর প্রত্যেক প্রশিক্ষণার্থীকে নির্ধারিত ভাতা দেওয়ার বিধান রয়েছে। তবে, সরকারি নিয়ম উপেক্ষা করে প্রশিক্ষণার্থীদের ভাতা না দিয়ে বরং লাইসেন্স পরীক্ষার সময় অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।











































