স্পোর্টস ডেস্ক।।
দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের এই সংস্করণে ফেরার অপেক্ষায় তিনি।
জাতীয় দলে ফেরার প্রত্যাশা সবসময়ই ছিল তার। এবার সুযোগ পেয়ে দলের জন্য নিজের সেরাটা দিতে চান এই ব্যাটার।
দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে ইয়াসির বলেন, ‘আলহামদুলিল্লাহ্, অনেক দিন পর ওয়ানডে দলে ডাক পেয়েছি। ভালো লাগছে।
প্রত্যাশা সবসময় থাকত যে আমি আবার ওয়ানডে দলে, জাতীয় দলে ফিরব। আবার দলে ফিরে বাংলাদেশ দলে সার্ভ করব।
’
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সফরটি ছিল স্মরণীয়। ২০২২ সালে তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ইয়াসির। তার অর্ধশতকে ভর করে জয় পেয়েছিল বাংলাদেশ।
সেই সাফল্য এবারও অনুপ্রেরণা জোগাচ্ছে ইয়াসিরকে। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলের জন্য অবদান রাখতে চান তিনি।
এ প্রসঙ্গে রাব্বি বলেন, ‘সর্বশেষ যখন দক্ষিণ আফ্রিকায় এসেছিলাম ওয়ানডে সিরিজ জিতেছিলাম। আলহামদুলিল্লাহ্ আমিও দলে অবদান রাখতে পেরেছিলাম। অবশ্যই অনুপ্রেরণা থাকবে। ভালো লাগা কাজ করবে। আগের যে ভালো হয়েছে ওটাকেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।’
আগামী বছর দক্ষিণ আফ্রিকায় বসবে ওয়ানডে বিশ্বকাপ। দীর্ঘদিন পর দলে ফেরা ইয়াসিরের সামনে তাই বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণ করার সুযোগও রয়েছে। তবে এখনই বিশ্বকাপ নিয়ে ভাবতে চান না তিনি। আপাতত তার মনোযোগ সামনের সিরিজেই।
ইয়াসির বলেন, ‘আসলে এত দূরে এখন চিন্তা করতে চাচ্ছি না। সামনে দক্ষিণ আফ্রিকার সাথে খেলা, এটা নিয়েই আপাতত ভাবনা।’











































