Home আঞ্চলিক যেভাবে গ্রেপ্তার হন এমপি আনারের মেয়ে ডরিন

যেভাবে গ্রেপ্তার হন এমপি আনারের মেয়ে ডরিন

3

ঝিনাইদহ প্রতিনিধি।।


ভারতে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় থাকতেন ডরিন। বুধবার (২৫ নভেম্বর) রাতে ডিবির ওয়ারী বিভাগের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ওয়ারী গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহিন গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ডরিনের বাবা আনোয়ারুল আজীম আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে তদন্তে কলকাতার একটি বাড়িতে তাঁকে পরিকল্পিতভাবে হত্যার তথ্য জানায় পুলিশ।

বাবার হত্যার ঘটনায় কলকাতায় মামলা হওয়ার পাশাপাশি ঢাকার শেরেবাংলা নগর থানায়ও মামলা করেছিলেন ডরিন। বাবার হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে যোগাযোগ করেছিলেন তিনি। সেই ডরিনকেই এবার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হলো।