Home আঞ্চলিক সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ আটক তিন যুবক

সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ আটক তিন যুবক

0

যশোর অফিস।।

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে এক কেজি ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসব স্বর্ণের বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। এ সময় তিন পাচারকারীকে আটক করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় ৪৯ বিজিবির প্রধান ফটকের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), একই উপজেলার কেড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়েতুর রহমান (৩৮)।

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালায়। এ সময় ৪৯ বিজিবির ১ নম্বর ফটকের সামনে থেকে একটি প্রাইভেট কারসহ ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

তিনি আরও জানান, অভিযানে জব্দ স্বর্ণ ছাড়াও ৭ হাজার টাকা মূল্যের ২৩ গ্রাম রুপা, ৩২ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৪৮ হাজার টাকা মূল্যের চারটি মোবাইল ফোন, ৩ হাজার টাকা মূল্যের দুটি হাতঘড়ি ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।