কয়রা প্রতিনিধি।।
খুলনার কয়রা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলিসহ জলদস্যুর দুই সহযোগীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি চৌকস দল কয়রা থানার ৫নং কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় এই অভিযান চালায়। গ্রেফতাররা হলেন– কয়রার হাফিজুর রহমান (৩৭) ও আব্দুর রহিম (২৬)।
এসআরবি-৬ সূত্রে জানা গেছে, গ্রেফতার হাফিজের দেওয়া তথ্যের ভিত্তিতে জলদস্যু দলপতি ইয়াদ আলীপাড়ের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দস্যুতার কাজে ব্যবহৃত ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক তথ্যানুযায়ী, হাফিজ জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতেন। আর রহিম খাদ্য ও রসদ পৌঁছে দেওয়ার পাশাপাশি সোর্স হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে দস্যুদের তথ্য দিতেন।
গ্রেফতার দুইজন ও পলাতক দলপতির বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের থানায় হস্তান্তর করা হবে।











































