Home Lead অস্থিতিশীলতা রুখতে রাজপথে নামছে বিএনপি-জামায়াত-এনসিপি

অস্থিতিশীলতা রুখতে রাজপথে নামছে বিএনপি-জামায়াত-এনসিপি

2

খুলনাঞ্চল রিপোর্ট।।


ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা ও বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে সীমান্ত এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি রাজনৈতিকভাবে প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণা দিয়ে রেখেছে ক্ষমতাসীন দল বিএনপি এবং প্রধান বিরোধী দল জামায়াত ও তাদের অন্যতম মিত্র জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ইতোমেধ্যে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মাঠে রয়েছেন ক্ষমতাসীন দল বিএনপি ও অঙ্গ সংঠনের নেতাকর্মীরা। প্রায় প্রতিদিনই নয়াপল্টনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করছেন তারা। আগামী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে দলটি। সেদিন মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আওয়ামী লীগকে ঠেকাতে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে বিরোধী দলকে ঐক্যের ডাক দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। শিগগিরই জামায়াতসহ ১১ দলের সঙ্গে বৈঠকে বসবেন সরকারপ্রধান।

অপরদিকে সরকারে না থাকলেও জুলাইয়ের পক্ষ শক্তি হিসেবে বসে নেই প্রধান বিরোধী দল জামায়াত ও তাদের অন্যতম মিত্র জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারাও ইতোমধ্যে রাজধানীতে বেশ কিছু শোডাউন কর্মসূচি পালন করেছে। এর মধ্যে জামায়াত ৪০ দিন ও এনসিপি ৩৯ দিনের কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় থাকবে বলে ঘোষণা দিয়েছে।

যদিও সংশ্লিষ্ট দলগুলোর নেতারা জানিয়েছেন, রাজপথে নৈরাজ্য ঠেকাতে তারা মাঠে থাকবেন ঠিকই, এর বাইরেও ডিসম্বরে বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভাসহ একাধিক কর্মসূচি পালন করবেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, শেখ হাসিনাকে এই মুহূর্তে দেশে আসতে দিতে চান না তারা। কারণ এতে নতুন করে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠতে পারে। তাই এই মুহূর্তে জুলাইকে ধারণ করা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও দূরত্বে কমাতে চায় সরকার। বিশেষ করে আওয়ামী লীগের বিপক্ষ দলগুলোকে এক ছাতার নিচে আনতে চায় সরকার। এ বিষয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিএনপির কিছু নেতিবাচক কর্মকাণ্ডের সমালোচনা করলেও তারা এই সরকারের অমঙ্গল চান না। তাই আওয়ামী লীগকে ঠেকাতে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পাঁচ দাবিতে সোচ্চার থাকবে এনসিপি

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সভা-সমাবেশসহ ৩৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইতোমেধ্যে সারাদেশে নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে ২৩ নভেম্বর চট্টগ্রাম, ২৪ নভেম্বর ঢাকায় ও ২৭ নভেম্বরে গাজীপুরে বড় শোডাউন করেছে দলটি।

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬৪ জেলা ও ১৩ মহানগরে ধারাবাহিকভাবে আরও কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে। এতে বক্তব্য রাখবেন দলটির শীর্ষ নেতারা। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ‘ঐক্যবদ্ধ কর্মসূচির ঘোষণা’ আসলে বিবেচনা করা হবে বলেও জানান একাধিক নেতা। তবে শুধু আওয়ামী লীগকে ঠেকানোই তাদের উদ্দেশে নয়।

গত ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে এমনটিই জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, শুধুমাত্র আওয়ামী লীগকে ঠেকাতেই তারা আন্দোলন করতে চান না। বরং গণভোটের রায় বাস্তবায়ন এবং আওয়ামী লীগ ও ভারতের বিষয়ে সরকারের পক্ষ থেকে ভবিষ্যতে কীভাবে মোকাবিলা করা হবে, প্রধানমন্ত্রীর কাছে এ নিয়ে দীর্ঘ মেয়াদী রূপরেখা চেয়েছেন তিনি।

একই কথা জানান, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, ‘‘সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতেও তারা সোচ্চার থাকবেন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এক প্ল্যাটফর্মে যাওয়ার আহ্বান জানানো হলে দলীয়ভাবে সিদ্ধান্ত জানানো হবে।

সরকারের আহ্বান পেলে পাশে থাকবে জামায়াত

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করলেও শেখ হাসিনার দেশে ফেরা ও আওয়ামী লীগ ঠেকানো প্রশ্নে রাজপথে থাকবে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই মধ্যে ডিসেম্বরকে কেন্দ্র করে দেশব্যাপী সভা-সমাবেশসহ ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।পাশাপাশি ১১ দলের শরিক অন্য দলগুলোকে নিয়েও তারা মাঠে থাকতে চায়। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক সংলাপেও তারা একসঙ্গে যেতে চান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এরই মধ্যে ২১ নভেম্বর নাশকতার প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ-বিক্ষোভ মিছিল করেছে তারা। ২৫ নভেম্বর একই দাবিতে ঢাকার বাইরের ১১টি মহানগরীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া ৩০ নভেম্বর দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল করবে দলটি।

এসব কর্মসূচিতে ডিসেম্বরেও নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা। তারা জানান, গণহত্যাকারী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চান। তাই সামনের দিকে দলের বাইরে এনসিপিসহ রাজপথের অন্যান্য সঙ্গীদেরকেও পাশে চান।

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির ঢাকা মহানগরী দক্ষিণের একজন গুরুত্বপূর্ণ নেতা জানান, তারা আওয়ামী লীগ ঠেকানোর পাশাপাশি সরকারের ব্যর্থতা তুলে ধরতে আন্দোলনের নির্দেশনাও পেয়েছেন।

এক্ষেত্রে জুলাইয়ের পক্ষে থাকা অন্যান্য দেলগুলোকেও সরকারের পক্ষ থেকে একসঙ্গে ডাকলে তারা সাড়া দেবেন বলে দলীয় হাইকমান্ডের পক্ষ থেকে সবুজ সংকেত দিয়ে রেখেছেন।

এ বিষয়ে জানতে চাইলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম খান মিলন বলেন, ‘‘আমরা ইতোমধ্যে দলীয়ভাবে নাশকতার বিরুদ্ধে আন্দোলন করছি। সামনে ১১ দলীয় সঙ্গীদের নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত হয়েছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপে আমরা জোটগতভাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’

আওয়ামী লীগ ঠেকাতে সরকারের পক্ষ থেকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হলে সাড়া দেবেন কি না এমনটি জানতে চাইলে এমপি মিলন বলেন, ‘‘আগে সরকার বলুক, তারপর আমরা বিবেচনা করবো। আমরা আপাতত ১১ দলগতভাবেই সোচ্চার থাকতে চাই।’’

বড় কর্মসূচি নিয়ে মাঠে আসছে বিএনপি

আওয়ামী লীগকে ঠেকাতে গত প্রায় এক মাস রাজপথে মিছিল-সমাবেশ অব্যাহত রেখেছে ক্ষমতাসীন দল বিএনপি। প্রায় প্রতিদিনই নেতাকর্মীদের পদভারে মুখর থাকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। সাড়া দেশের জেলা, মহানগর ও উপজেলা পর্যায়েও একই চিত্র। বিশেষ করে ডিসেম্বরকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সতর্ক অববস্থানে রয়েছেন দলীয় নেতাকর্মীরা। আগামী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় মহাসমাবেশে বক্তব্য রাখবেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মূলত সেখান থেকেই ডিসেম্বরের বড় কর্মসূচি ঘোষণা করবেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘‘ইতোমধ্যে আমরা বিজয়ের মাসসহ চলমান পরিস্থিতি নিয়ে কর্মসূচি ঘোষণা করেছি। সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশের মাধ্যমে ডিসেম্বরের কর্মসূচি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক যুগ্ম মহাসচিব বলেন, সোহরাওয়ার্দী উদ্যান থেকে মূলত আওয়ামী লীগকে এক ধরনের বার্তা দিতে চায় বিএনপি।

জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শাসুজ্জামান দুদু বলেন, ‘‘নাশকতার বিরুদ্ধে ইতোমধ্যে মাঠে সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি তাদেরকে সহযোগিতা করছেন আমাদের দলীয় নেতাকর্মীরা। আশা করি, মহাসমাবেশ থেকে বড় কর্মসূচি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।’’ ফ্যাসিবাদবিরোধী অন্যান্য শক্তিও রাজপথে থাকবে বলে তিনি আশাবাদী।