মিলি রহমান।।
শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের শুষ্কতাও বাড়ে। বিশেষ করে পায়ের গোড়ালি ফেটে যাওয়ার সমস্যা দেখা দেয় অনেকের।
কখনো গোড়ালির চামড়া এতটাই শক্ত ও রুক্ষ হয়ে যায় যে মোজা পরার সময়ও অস্বস্তি হয়। নিয়মিত ময়েশ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করেও অনেকে কাঙ্ক্ষিত ফল পান না। তবে ঘরোয়া যত্নের পাশাপাশি কয়েকটি সহজ অভ্যাস মেনে চললে ফাটা গোড়ালির সমস্যা কমানো সম্ভব।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে ফাটা গোড়ালির যত্নে তিনটি উপকরণ দিয়ে ঘরে ফুট ক্রিম তৈরির একটি পদ্ধতির কথা বলা হয়েছে।
ফুট ক্রিম তৈরিতে যা লাগবে
১ টেবিল চামচ ঘি
১ টেবিল চামচ নারকেল তেল
১ টেবিল চামচ হলুদগুঁড়ো
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন
প্রথমে সামান্য নারকেল তেল হালকা গরম করে নিন। এরপর তাতে ঘি ও হলুদগুঁড়ো মিশিয়ে ভালোভাবে নাড়ুন। মিশ্রণটি ঠান্ডা হলে একটি পরিষ্কার কাচের পাত্রে সংরক্ষণ করুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে হালকা গরম পানিতে পাঁচ মিনিট পা ভিজিয়ে রাখুন। এরপর নরম তোয়ালে দিয়ে পা মুছে গোড়ালিতে মিশ্রণটি লাগান। সবশেষে এক জোড়া পরিষ্কার সুতির মোজা পরে ঘুমাতে পারেন।
আরো যেসব উপায়ে যত্ন নেবেন
ফাটা গোড়ালির যত্নে পাকা কলা ও মধু দিয়েও প্যাক তৈরি করা যায়। পাকা কলা চটকে তার সঙ্গে মধু মিশিয়ে গোড়ালিতে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন।
এ ছাড়া গোড়ালির শুষ্কতা কমাতে নিয়মিত ময়েশ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে গোসলের পর এবং রাতে ঘুমানোর আগে গোড়ালিতে ময়েশ্চারাইজার লাগানো উপকারী।
তবে মনে রাখতে হবে, ঘরোয়া উপায়ে সাত দিনেই ফাটা গোড়ালি সেরে যাবে-এমন নিশ্চয়তা নেই। গোড়ালিতে গভীর ফাটল, রক্তপাত, ব্যথা বা সংক্রমণের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পা ঘষে মৃত চামড়া তোলার চেষ্টা না করে বিশেষ সতর্ক থাকা উচিত।











































