Home খেলাধুলা তেভেজের বিদায়ী ম্যাচে মেসি নিশ্চিত, রোনালদোর সম্মতির অপেক্ষা

তেভেজের বিদায়ী ম্যাচে মেসি নিশ্চিত, রোনালদোর সম্মতির অপেক্ষা

1

স্পোর্টস ডেস্ক।।

ফুটবলপ্রেমীদের জন্য আবারও পর্দায় উঠতে পারে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর চিরচেনা দ্বৈরথ। আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে খেলার সম্মতি দিয়েছেন মেসি।

আগামী ২০ ডিসেম্বর বুয়েনস এইরেসে বোকা জুনিয়র্সের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচ।

‘অ্যাপাচি’ খ্যাত ৪২ বছর বয়সী তেভেজ ২০২২ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান। বর্ণাঢ্য ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের মতো ইউরোপীয় জায়ান্ট ক্লাবে দাপটের সঙ্গে খেলেছেন তিনি।

ক্যারিয়ারের ইতি টানেন শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে। গত বছরই তেভেজ ইচ্ছা প্রকাশ করেছিলেন, নিজের বিদায়ী ম্যাচে জাতীয় দলের সাবেক সতীর্থ মেসি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ রোনালদোকে প্রতিপক্ষ হিসেবে দেখতে চান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আয়োজকেরা মেসির অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘অ্যাপাচির শেষ নৃত্যে বিশ্বের সেরা ফুটবলারকে স্বাগত জানানো সত্যিই সম্মানের।’ মেসি ছাড়াও এই ম্যাচে রিও ফার্ডিনান্ড, সার্জিও আগুয়েরো, লিয়ান্দ্রো পারেদেস, জিয়ানলুইজি বুফন ও মার্টিন পালের্মোর মতো তারকারা খেলবেন বলে নিশ্চিত হয়েছে। তবে পর্তুগিজ মহাতারকা রোনালদোর খেলা এখনো চূড়ান্ত হয়নি।

মেসি ও রোনালদো সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন ২০২০ সালে, বার্সেলোনা ও জুভেন্টাসের জার্সিতে। এরপর ২০২৩ সালে পিএসজি ও রিয়াদ সিজন একাদশের মধ্যকার প্রদর্শনী ম্যাচে দেখা হয়েছিল সময়ের সেরা দুই ফুটবলারের।