Home স্বাস্থ্য পাঁচ লক্ষণে মিলতে পারে ডায়াবেটিসের ইঙ্গিত, প্রয়োজন পরীক্ষা

পাঁচ লক্ষণে মিলতে পারে ডায়াবেটিসের ইঙ্গিত, প্রয়োজন পরীক্ষা

1

মিলি রহমান।।

ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পরও অনেকেই দীর্ঘদিন বুঝতে পারেন না যে তাদের শরীরে বাসা বেঁধেছে রোগটি। প্রাথমিক পর্যায়ে লক্ষণগুলো স্পষ্ট না হওয়ায় অনেকে বিষয়টি এড়িয়ে যান। অথচ সময়মতো ডায়াবেটিস শনাক্ত না হলে ধীরে ধীরে কিডনি, চোখ, হৃদযন্ত্র ও স্নায়ুসহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কিছু লক্ষণ দেখা দিলে অবহেলা না করে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করানো জরুরি।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে বর্তমানে প্রায় ৫৮ কোটি ৯০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে ৮৫ কোটি ৩০ লাখে পৌঁছাতে পারে। প্রতি ৯ জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন এ রোগে ভুগছেন। আক্রান্তদের প্রায় ৪৩ শতাংশই জানেন না যে তাদের ডায়াবেটিস রয়েছে।

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (নিপোর্ট)-এর এক জরিপে দেখা গেছে, বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় এক কোটি ১০ লাখ। তাদের মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সি ২৬ লাখ এবং ৩৫ বছরের বেশি বয়সি ৮৪ লাখ।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান জানিয়েছেন, ডায়াবেটিসে আক্রান্তদের অন্তত ৫০ শতাংশই জানেন না যে তাদের এ রোগ রয়েছে। এ কারণে রোগটি সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি লক্ষণ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো প্রয়োজন।

ডায়াবেটিসের ৫টি লক্ষণ

১. ঘনঘন প্রস্রাব হওয়া

ডায়াবেটিসের অন্যতম পরিচিত লক্ষণ ঘনঘন প্রস্রাব হওয়া। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে কিডনি অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এতে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। বিশেষ করে রাতে বারবার প্রস্রাবের প্রয়োজন হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।

২. অতিরিক্ত পিপাসা লাগা

বারবার প্রস্রাবের কারণে শরীর থেকে বেশি পরিমাণে পানি বেরিয়ে যায়। ফলে পানিশূন্যতা তৈরি হতে পারে এবং স্বাভাবিকের তুলনায় বেশি পিপাসা লাগে। পানি পান করার পরও বারবার তৃষ্ণা অনুভব করা ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।

৩. অকারণে ওজন কমে যাওয়া

খাবারের পরিমাণ বা শারীরিক পরিশ্রমে কোনো পরিবর্তন না এলেও ওজন কমতে থাকলে সতর্ক হওয়া প্রয়োজন। ডায়াবেটিসের কারণে শরীর রক্তের গ্লুকোজ ঠিকভাবে ব্যবহার করতে না পারলে শক্তির চাহিদা মেটাতে চর্বি ও পেশি ভাঙতে শুরু করতে পারে। এতে অকারণেই ওজন কমে যায়।

৪. অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা

পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের পরও ক্লান্তি না কাটলে কিংবা সামান্য কাজেই শরীর দুর্বল লাগলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে শরীর প্রয়োজনীয় শক্তি ঠিকভাবে ব্যবহার করতে পারে না। ফলে সারাক্ষণ ক্লান্তি ও অবসাদ অনুভূত হতে পারে।

৫. চোখে ঝাপসা দেখা

রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে চোখের লেন্সে তরলের পরিবর্তন ঘটতে পারে। এর প্রভাবে দৃষ্টিশক্তি সাময়িকভাবে ঝাপসা হয়ে যায়। হঠাৎ চোখে ঝাপসা দেখা বা দৃষ্টিশক্তির পরিবর্তন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

কারা বেশি ঝুঁকিতে

পরিবারের বাবা-মা, ভাই-বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের ডায়াবেটিস থাকলে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। এ ছাড়া যারা নিয়মিত শারীরিক পরিশ্রম করেন না, অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছেন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন, তাদেরও ঝুঁকি বেশি।

উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকা এবং হৃদরোগের সমস্যাও ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। নারীদের গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

কখন ডায়াবেটিস পরীক্ষা করাবেন

উল্লিখিত লক্ষণগুলোর কোনোটি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তে শর্করার পরীক্ষা করানো উচিত। যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে বা অন্য কোনো ঝুঁকি আছে, তাদের লক্ষণ না থাকলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরীক্ষা করানো প্রয়োজন।

ডায়াবেটিস শনাক্ত করতে সাধারণত ফাস্টিং ব্লাড সুগার, খাবার বা গ্লুকোজ গ্রহণের দুই ঘণ্টা পর রক্তে শর্করার মাত্রা এবং এইচবিএ১সি পরীক্ষা করা হয়। দ্রুত রোগ শনাক্ত করা গেলে চিকিৎসা ও জীবনযাপনে প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা এবং ভবিষ্যতে জটিলতার ঝুঁকি কমানো সম্ভব।