Home খেলাধুলা সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের প্রত্যাশায় মারিয়ারা

সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের প্রত্যাশায় মারিয়ারা

0

স্পোর্টস ডেস্ক।।

জটিল রোগে আক্রান্ত পিটার বাটলার চিকিৎসার জন্য ইংল্যান্ডে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তী কোচের দায়িত্বে আছেন এরিক মেয়ার।

কিছুদিনের অনুশীলনে মারিয়া মান্দা-ঋতুপর্ণা চাকমাদের খেলার স্টাইলে কোনো পরিবর্তন আনেননি তিনি। বাটলারে ছকেই মেয়েদের অনুশীলন করিয়েছেন। খেলার স্টাইলে যেমন পরিবর্তন আনেননি, তেমনি বাংলাদেশ দল নিয়ে নিজের লক্ষ্যটাও বাটলারের মতোই ইতিবাচক। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতিম্যাচে ইতিবাচক ফুটবল খেলে জয়ের আশা বাংলাদেশের মেয়েদের। আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতিম্যাচ খেলতে ২৯ নভেম্বর ঢাকা ছাড়বে দল।

গতকাল বৃহস্পতিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নতুন কোচ যখন সম্ভাবনা আর বাস্তবতার কথা বলে দলকে উজ্জীবিত করার চেষ্টা করছেন, তখনই ভার্চুয়ালি যুক্ত বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ কোচ নিয়োগে নিজের আপত্তির কথাটি আবার ব্যক্ত করেছেন; যা নিয়ে চলছে সমালোচনা। যেখানে একটি দল দুটি ম্যাচ খেলতে যাচ্ছে, সেখানে কিরণের কোচ নিয়ে মন্তব্যটি দলের পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ফুটবলসংশ্লিষ্টরা।

বাংলাদেশ নারী দলের দায়িত্ব পেয়েছেন এক মাসও হয়নি। মেয়েদের দুই সপ্তাহের মতো অনুশীলন করিয়েছেন মেয়ার। খেলোয়াড়দের মান ও দলের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট এবং একটি সফল সফরের আশা করছেন তিনি, ‘মেয়েদের, স্টাফদের এবং জাতীয় দলকে সমর্থনকারী সবার সঙ্গে এখানে থাকতে পেরে আমি খুবই খুশি। আমরা সিঙ্গাপুরে খুব ভালো কিছু করার আশা করি।’

আফ্রিকায় কাজের বিস্তৃত অভিজ্ঞতাসম্পন্ন এই কোচ বাংলাদেশি খেলোয়াড়দের কারিগরি দক্ষতার বিশেষ প্রশংসা করেন, ‘আফ্রিকার বেশির ভাগ মেয়ে শারীরিকভাবে বেশি শক্তিশালী। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের মূল শক্তি টেকনিক্যাল দক্ষতা। বল পজেশন ও আক্রমণে ওঠার ক্ষেত্রে তাদের সামর্থ্য দেখতে ভালো লাগে। বাংলাদেশের মেয়েরা দ্রুতগতির, বলের ওপরও তাদের দারুণ দক্ষতা আছে।’

দুই সপ্তাহ দলের সঙ্গে কাজ করে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয় বলে মনে করেন তিনি, ‘আমি সবকিছু বদলে ফেলতে যাচ্ছি না। মেয়েদের সঙ্গে আমরা যেভাবে কাজ করছি, তা প্রায় আগের মতোই আছে। আমরা সেটাই ধরে রেখেছি। আমরা কীভাবে খেলব, সেভাবে দলকে গুছিয়েছি। এটা পিটার যা করছিলেন, প্রায় সে রকমই।’

প্রতিপক্ষ দলে যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ডে খেলা ফুটবলার রয়েছেন বলে জানিয়েছেন তিনি। ফলে এরিক মেয়ার সিঙ্গাপুরকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করছেন, ‘ভাববেন না ম্যাচ সহজ হবে। এটা মোটেও সহজ ম্যাচ নয়। আমাদেরও মানসম্পন্ন খেলোয়াড় আছে। আমরা ম্যাচ জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের নিজস্ব কৌশল আছে, তা নিয়ে কাজ করছি।’

সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতিম্যাচের জন্য দল প্রস্তুত বলে জানিয়েছেন অধিনায়ক মারিয়া মান্দা, ‘আমাদের দলের সবাই ফিট আছেন। যেহেতু আমরা সিঙ্গাপুরে প্রীতিম্যাচ খেলার আরেকটি সুযোগ পাচ্ছি, তাই আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। দল ভালো পারফরম্যান্স করবে এবং দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারব বলে আমি বিশ্বাস করি।’ কোচ-অধিনায়কের সংবাদ সম্মেলনের মধ্যেই নেতিবাচক মন্তব্য করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

তাঁর মতে, জাতীয় দলের দায়িত্ব পালনের মতো অভিজ্ঞতা কিংবা প্রয়োজনীয় যোগ্যতা এই কোচের নেই, ‘টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে যখন আমার কাছে তিনটি সিভি এসেছিল, আমি সেগুলো পর্যালোচনা করে বলেছিলাম, এগুলো জাতীয় দলের জন্য চলে না। কারণ, তাদের জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা নেই, প্রো লাইসেন্সও নেই। এটা জাতীয় দলের জন্য কোনোভাবেই নয়, বয়সভিত্তিক দলে হতে পারে। আমি আমার মন্তব্য দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। এখন বাফুফে থেকে যখন তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে, তখন বলছি, টক টু প্রেসিডেন্ট প্লিজ। আমারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। আমি একেবারে সর্বোচ্চ কর্তৃপক্ষ নই।’