স্পোর্টস ডেস্ক।।
একসময় তার হাত ধরেই সাফল্যের শিখরে উঠেছিল মুম্বাই ইন্ডিয়ানস। কিন্তু পাঁচবারের শিরোপাজয়ী সেই অধিনায়ককে সরিয়ে নতুন নেতৃত্বে পথচলা শুরু করেছিল ফ্র্যাঞ্চাইজিটি।
তিন বছর পেরোতেই এবার বদলে গেল দৃশ্যপট। হার্দিক পান্ডিয়ার অধ্যায় শেষ করে আবারও পুরনো সেনাপতির হাতে দায়িত্ব তুলে দিল মুম্বাই। তাতে দীর্ঘ বিরতির পর অধিনায়কের আসনে ফিরলেন রোহিত শর্মা। যেন পুরোনো ঠিকানায় ফিরল মুম্বাইয়ের চেনা আস্থার নাম।
আইপিএলের ২০২৭ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসকে নেতৃত্ব দেবেন রোহিত। সর্বশেষ ২০২৩ সালের দলটির অধিনায়ক ছিলেন তিনি। সেবার দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটানসের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল মুম্বাইকে। এরপর ২০২৪ মৌসুমের আগে গুজরাট টাইটানস থেকে হার্দিককে দলে ভেড়ায় মুম্বাই।
পরে রোহিতকে সরিয়ে অধিনায়কত্ব তুলে দেওয়া হয় তার হাতে।
তবে হার্দিকের নেতৃত্বে প্রত্যাশিত সাফল্য পায়নি পাঁচবারের চ্যাম্পিয়নরা। ২০২৪ সালে পয়েন্ট তালিকার তলানিতে থেকে আসর শেষ করে মুম্বাই। পরের মৌসুমে প্লে-অফে উঠলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের কাছে হেরে যায় তারা। সর্বশেষ ২০২৬ আসরে নবম স্থানে থেকে অভিযান শেষ করে দলটি।
এর মধ্যে ২০২৪ সালে নিজেদের মাঠেই দর্শকদের দুয়ো শুনতে হয়েছিল হার্দিককে। অধিনায়কত্ব নিয়ে সমালোচনাও ছিল অব্যাহত।
সব মিলিয়ে গত বছরই মুম্বাই কর্তৃপক্ষকে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তের কথা জানান হার্দিক। শেষ পর্যন্ত তাকে পাঞ্জাব কিংসের কাছে বিক্রি করে মুম্বাই। বিনিময়ে দলে নিয়েছে পেসার আর্শদীপ সিংকে। গত সপ্তাহে খেলোয়াড় ধরে রাখার সময়সীমা শেষ হওয়ার আগেই সম্পন্ন হয় এই অদলবদল।
রোহিতের পাশাপাশি অধিনায়কত্বের সম্ভাব্য তালিকায় ছিলেন জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা ও নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ রোহিতের ওপরই আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।
দায়িত্ব ফিরে পেয়ে উচ্ছ্বসিত রোহিত। ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ানস আমার জীবনের বিশাল একটা অংশ। এই দলকে নেতৃত্ব দেওয়া সব সময়ই আমার কাছে গর্বের বিষয়। সামনের মৌসুম নিয়ে নীতা ভাবি ও আকাশের সঙ্গে আলোচনা দারুণ হয়েছে। আমরা কী অর্জন করতে পারি, তা নিয়ে আমার অনেক বিশ্বাস আছে।’
৩৯ বছর বয়সী ওপেনার রোহিত আরো বলেছেন, ‘আইপিএলের ২০তম মৌসুমের জন্য আমি প্রস্তুত। সামনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমাদের পল্টনকে উদ্যাপনের অনেক মুহূর্ত উপহার দিতে চাই। নিজেদের ক্রিকেটীয় ধরনে খেলা, দল হিসেবে একসঙ্গে লড়াই করা এবং খেলাকে উপভোগ করাই হবে মূল লক্ষ্য।’
মুম্বাইয়ের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় অধিনায়কত্ব করার রেকর্ডও রোহিতের। আইপিএল ও চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি মিলিয়ে ১৬৩ ম্যাচ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ৯৩ জয়ের বিপরীতে হার ৭০। তার নেতৃত্বে আইপিএলের পাঁচটি ফাইনালে উঠেছে মুম্বাই। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০—প্রতিবারই শিরোপা জিতেছে দলটি।
২০১৩ সালে প্রথমবার মুম্বাইকে চ্যাম্পিয়ন করার পর ধীরে ধীরে ফ্র্যাঞ্চাইজিটির সাফল্যের প্রতীকে পরিণত হন রোহিত। তার নেতৃত্বেই আইপিএলের অন্যতম সফল দলে পরিণত হয় মুম্বাই। এবার তাই পুরনো অধিনায়কের প্রত্যাবর্তনে নতুন করে স্বপ্ন দেখছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। আগামী এপ্রিলে ৪০ বছরে পা দিতে যাওয়া রোহিতের সামনে চ্যালেঞ্জ একটাই—অভিজ্ঞতার আলোয় আবারও মুম্বাইকে শিরোপার পথে ফেরানো।











































