স্পোর্টস ডেস্ক।।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লক্ষ্য ছিল নাহিদ রানার। কিন্তু শতভাগ ফিট না হওয়ায় টেস্টের পর ওয়ানডে স্কোয়াডেও জায়গা হয়নি এই গতি তারকার। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা ছিল, ওয়ানডে সিরিজ চলাকালে তাকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত করা। তবে সেই পরিকল্পনাতেও এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নাহিদের ডেঙ্গু জ্বর।
গত জুন থেকে সাইড স্ট্রেইন ও নিতম্বের চোটের কারণে মাঠের বাইরে আছেন নাহিদ রানা। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় থাকাকালে পুরোদমে বোলিং শুরু করেছিলেন তিনি, বর্তমানে কোনো শারীরিক ব্যথাও নেই। ৩০ নভেম্বর পর্যন্ত তাকে নির্দিষ্ট পরিমাণ বোলিংয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল মেডিকেল বিভাগ। কিন্তু জ্বরের কারণে গত দুই দিন বোলিং করতে পারেননি এই পেসার।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, গতকাল (২৬ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে নাহিদ রানাকে। ডেঙ্গু শনাক্ত হওয়ার পাশাপাশি তার প্লাটিলেটের মাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
নাহিদের শারীরিক অবস্থা সম্পর্কে বিসিবির ওই কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘সে (নাহিদ) এভারকেয়ারে ভর্তি আছে এবং তার ডেঙ্গু শনাক্ত হয়েছে। সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ লাগবে। কারণ ডেঙ্গু হলে শরীর খুব দুর্বল হয়ে পড়ে।’
নাহিদের জন্য ডেঙ্গু আক্রান্ত হওয়াটা নতুন করে বড় ধাক্কা। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন তিনি। সেই চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস ও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি এই পেসার।
এদিকে আরেক পেসার হাসান মাহমুদকেও মাঠে ফিরতে অন্তত মাসখানেক অপেক্ষা করতে হবে। টেনিস এলবোর পুরোনো ব্যথা বেড়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারেননি তিনি। সিরিজের মাঝপথেই দেশে ফিরে আসতে হয়েছে তাকে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, হাসানের ওয়ার্কলোড ব্যবস্থাপনার কথা মাথায় রেখে আসন্ন ডি-থ্রি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাকে খেলার অনুমতি দেবে না বোর্ড। চোট কাটিয়ে উঠতে আপাতত পূর্ণ বিশ্রামেই থাকতে হবে এই পেসারকে।











































