শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
কংক্রিটের ভারী অবকাঠামোর পরিবর্তে কাঠের বল্লী ও বাঁশের তৈরি বিশেষ বেড়া দিয়ে সমুদ্রের ঢেউয়ের শক্তি কমিয়ে উপকূল রক্ষার নতুন কৌশল নিয়েছে সরকার। একদিকে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ, অন্যদিকে নদী ও সমুদ্রের অব্যাহত ভাঙন। প্রকৃতির এই প্রতিকূলতায় প্রতিবছর ছোট হচ্ছে উপকূলের সবুজ বেষ্টনী। বিলীন হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি, হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল। অথচ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে উপকূলের মানুষের সবচেয়ে বড় প্রাকৃতিক সুরক্ষাকবচ এই বনভূমি। এমন বাস্তবতায় কংক্রিটের ভারী অবকাঠামোর পরিবর্তে কাঠের বল্লী ও বাঁশের তৈরি বিশেষ বেড়া দিয়ে সমুদ্রের ঢেউয়ের শক্তি কমিয়ে উপকূল রক্ষার নতুন কৌশল নিয়েছে সরকার। জাপানের অভিজ্ঞতায় তৈরি এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে পটুয়াখালী জেলাধীন বঙ্গোপসাগর উপকূলের ভাঙনপ্রবণ গঙ্গামতি, ধুলাসার ও খাজুরা এলাকার ৬০ মিটার ম্যানগ্রোভ বনে।
জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার (জাইকা) আর্থিক ও কারিগরি সহযোগিতায় নেওয়া এ পাইলট প্রকল্পটি সফল হলে উপকূলীয় বন ব্যবস্থাপনায় তৈরি হতে পারে এক নতুন সম্ভাবনা। ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত বনভূমির সামনে কাঠের একাধিক সারির প্রতিবন্ধক নির্মাণ করে পানির গতিশক্তি কমানো এবং সঙ্গে ভেসে আসা পলি আটকে তৈরি হবে নতুন ভূমি। পর্রবর্তীতে সেই ভূমিতে করা হবে নতুন বনায়ন। এমন পরিকল্পনা নিয়েই প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম নিশ্চিত করেছেন এ উদ্যোগের কথা। তার মতে, উপকূলীয় বন রক্ষায় শুধু বৃক্ষরোপণ যথেষ্ট নয়, বরং গাছের বেড়ে ওঠার উপযোগী ভূমি ও পরিবেশ নিশ্চিত করাও জরুরি। জাপানি মডেলের এ প্রযুক্তি সেই প্রয়োজন পূরণে সহায়ক হতে পারে।
তিনি বলেন, প্রকল্পটির মূল কৌশল হলো সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সরাসরি লড়াই না করে তার শক্তি ধাপে ধাপে কমিয়ে দেওয়া। এ জন্য ভাঙনপ্রবণ উপকূলের নির্দিষ্ট স্থানে কয়েক সারিতে কাঠের বল্লী ও বাঁশ দিয়ে বিশেষ ধরনের বেড়া নির্মাণ করা হবে। পানির প্রবাহ, ঢেউয়ের উচ্চতা ও গতিশক্তি বিবেচনায় নিয়ে নির্ধারণ করা হবে কাঠামোর নকশা ও অবস্থান।
সমুদ্র থেকে ধেয়ে আসা ঢেউ এসব প্রতিবন্ধকে বাধাপ্রাপ্ত হয়ে শক্তি হারাবে। একই সঙ্গে ঢেউয়ের সঙ্গে ভেসে আসা পলি কাঠামোর ফাঁকে ও বিভিন্ন স্তরের মাঝখানে আটকে যাবে। এতে একদিকে মাটির ক্ষয় কমবে, অন্যদিকে ধীরে ধীরে পলি জমে ভূমির উচ্চতা বাড়বে। দীর্ঘমেয়াদে সেখানে নতুন চর জেগে ওঠারও সম্ভাবনা তৈরি হবে।
নতুন ভূমি পর্যাপ্ত স্থিতিশীল হলে সেখানে উপকূলীয় পরিবেশের উপযোগী ম্যানগ্রোভ প্রজাতির গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম বলেন, উপকূল রক্ষায় প্রচলিত কংক্রিটের দেয়াল ও ব্লক নির্মাণের তুলনায় এ পদ্ধতিতে স্থানীয় ও সহজলভ্য উপকরণের ব্যবহার হবে। কাঠের বল্লী ও বাঁশ দিয়ে তৈরি হওয়ায় কাঠামো নির্মাণে তুলনামূলক কম ব্যয়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজে সম্পৃক্ত করার সুযোগও তৈরি হতে পারে।
প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের ভাষ্য, জাপানে এ ধরনের প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের উপকূলীয় ভূপ্রকৃতি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে পদ্ধতিটি প্রয়োগ করা হচ্ছে। পরীক্ষামূলক প্রকল্পের ফলাফল ইতিবাচক হলে সুন্দরবনসহ দেশের অন্যান্য ভাঙনপ্রবণ উপকূলীয় বনাঞ্চলেও এ প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ড. ফরিদুল ইসলাম বলেছেন, শুধু গাছ লাগিয়ে বন সৃষ্টি করলেই কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব নয়। যে ভূমিতে গাছ লাগানো হবে, সেই ভূমির স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। সমুদ্রের প্রবল ঢেউয়ের আঘাতে মাটি সরে গেলে নতুন লাগানো গাছ টিকে থাকতে পারে না। তাই বনায়নের আগে ভূমিক্ষয় রোধ ও ঢেউয়ের শক্তি প্রশমনের ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের জন্য পরিবেশের সুরক্ষা অপরিহার্য। বিদ্যমান বনভূমি রক্ষার পাশাপাশি নতুন বন সৃষ্টি করতে হবে। জাইকার আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতায় জাপানি মডেল বাস্তবায়নের উদ্যোগ সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে দেশের অন্যান্য উপকূলীয় বনাঞ্চলেও এ পদ্ধতি সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
বিশ্বের বিভিন্ন দেশে উপকূল রক্ষায় নানা পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। তা সব ক্ষেত্রে কিংবা সবই যে কার্যকর হচ্ছে এমনটিও নয়। ঢেউয়ের তীব্রতা এবং গতিপ্রকৃতির ওপর নির্ভর করে এর স্থায়ীত্ব। এমনটা দাবি বিশেষজ্ঞদের।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্টিব অ্যাণ্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ওয়াসিউল ইসলামের ভাষ্য, এ উদ্যোগের গুরুত্ব শুধু কাঠের বেড়া নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সফলতা নির্ভর করবে ঢেউয়ের শক্তি কতটা কমানো যাচ্ছে, কাঠামোর মধ্যে কী পরিমাণ পলি জমছে, নতুন ভূমি কতটা স্থিতিশীল হচ্ছে এবং সেখানে ম্যানগ্রোভ গাছ কতটা টিকে থাকছে, এসব বিষয়ের ওপর।
এ ছাড়া লবণাক্ত পানি, জোয়ার-ভাটার প্রবল চাপ এবং ঘূর্ণিঝড়ের সময় কাঠামোর স্থায়িত্বও নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর এর প্রভাব মূল্যায়ন করাও জরুরি।
জাপানি মডেলের এই পরীক্ষামূলক উদ্যোগ সফল হলে তা ভাঙনকবলিত উপকূলে প্রকৃতিনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার নতুন দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
ড. ওয়াসিউল ইসলাম আরো বলেন, শুধু গাছই যদি ভাঙনরোধের একমাত্র উপায় হতো তাহলে সুন্দরবনে কখনই ভাঙন সৃষ্টি হতো না। ভাঙন এবং প্রতিরোধ দুটোই নির্ভর করে ওই স্থানের পানির গভীরতা, ঢেউয়ের গতি ও আঘাতের তীব্রতা কেমন তারওপর। জাপানি এই পদ্ধতি উপকূলের নদী শাসনের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তবে সুন্দরবনের ভাঙন প্রতিরোধে কতোটা কার্যকর হবে তা নিশ্চিত করে বলা মুশকিল।
বন বিভাগের বরিশাল অঞ্চের বন সংরক্ষক (সিএফ) ড. মোল্লা রেজাউল করিম গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় মোবাইল ফোনে জানিয়েছেন, জাইকার অর্থায়নে পটুয়াখালীর সাগর উপকূলের ভাঙনপ্রবণ তিনটি স্থানে পরীক্ষামূলক একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে ৬০ মিটার এলাকায় জাপানি প্রযুক্তিতে কাঠের বল্লী ও বাঁশের তৈরি বেড়া নির্মানের কাজ তিন মাস আগে শুরু হয়েছে। পরীক্ষামূলক এই প্রকল্পটি ভাঙনরোধে কতোটা টেকসই ও কার্যকর, তারওপর নির্ভর করবে পরবর্তীতে বড় কোনো প্রকল্প গ্রহনের বিষয়।











































