Home Lead খুলনায় আবারো চার প্রতিষ্ঠানে গুলি, একজন গুলিবিদ্ধ, নগরীজুড়ে আতংক

খুলনায় আবারো চার প্রতিষ্ঠানে গুলি, একজন গুলিবিদ্ধ, নগরীজুড়ে আতংক

3


স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর চার জায়গায় গুলিতে একজন ব্যবসায়ী গুরুতর জখম। তিন ব্যবসা প্রতিষ্টান আবারো বন্ধ। খুলনাজুড়ে চরম আতংক বিরাজ করছে। আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। খুলনার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। খুলনায় চাঁদা দাবির মুখে ১৭ দিন বন্ধ থাকার পর পুলিশের সহযোগিতায় পুনরায় চালু করা হয়েছিল চয়ণিকা ফার্মেসি। কিন্তু প্রতিষ্ঠানটি চালুর কয়েক দিন যেতে না যেতেই সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফ (৩২) গুলিবিদ্ধ হয়েছেন। এতে নগরীর ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজদের হুমকি ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের ৪৭ নম্বর বাড়িতে অবস্থিত চয়ণিকা ফার্মেসিতে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্বৃত্তদের ছোড়া গুলি জারিফের বাম পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে ফার্মেসির কর্মচারীরা দ্রুত দোকান বন্ধ করে দেন। পরে আহত জারিফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৯-১০ ওয়ার্ডে চিকিৎসাধীন।
ঘটনার পেছনে একাধিক বার চাঁদাবাজির বিরোধ রয়েছে বলে ভুক্তভোগী ও স্থানীয়দের মধ্যে চরম আতংক বিরাজ করছে। এলাকার চিহ্নিত সন্ত্রাসী গ্রুপের সদস্যদের চাঁদা দাবির কারণে গত ২৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত টানা ১৭ দিন চয়নিকা ফার্মেসিটি বন্ধ রাখতে বাধ্য হন মালিকপক্ষ। পরে কেএমপির উর্ধতন কর্মকর্তা ও খুলনা থানা পুলিশের সহযোগিতায় প্রতিষ্ঠানটি আবার চালু করা হয়।
কিন্তু পুলিশের সহযোগিতায় ব্যবসা প্রতিষ্ঠান খোলার পরও সেখানে গুলির ঘটনা ঘটায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যারা চাঁদা দাবি করেছিল, তাদের সঙ্গে শুক্রবারের গুলিবর্ষণের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
অপরদিকে খুলনা: চাঁদা না পেয়ে খুলনায় আবারও ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এবার নগরীর লবণচরা থানার হঠাৎ বাজার এলাকায় একটি তুষকাঠের মিল ও একটি চানাচুর কারখানায় পৃথকভাবে গুলি ছোড়া হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)সকালে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বাজার এলাকার একটি তুষকাঠের মিলের মালিকের কাছে কয়েক দিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল স্থানীয় একটি সন্ত্রাসী চক্র। দাবি অনুযায়ী টাকা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। ওই সময় ভোর হওয়ায় মিলের কর্মচারীরা ঘুমিয়ে ছিলেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
একই এলাকায় চানাচুর কারখানার মালিক শামসুর রহমানও দীর্ঘদিন ধরে চাঁদাবাজদের চাপের মুখে ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাঁর কাছেও মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল একই সন্ত্রাসী বাহিনী। চাঁদা না পেয়ে শুক্রবার ভোরে ওই বাহিনীর দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
পরপর দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীদের প্রশ্ন, চাঁদার দাবিতে প্রকাশ্যে গুলি ছুড়েও দুর্বৃত্তরা পার পেয়ে গেলে নগরীতে ব্যবসা পরিচালনার নিরাপত্তা কোথায়?
তবে খুলনার নাগরিক সমাজের সদস্য সচিব এড বাবুল হাওলাদার বলেন, খুলনা মহানগরীতে আইনশৃঙ্খলার দীর্ঘদিন যাবত চরম অবনতি ঘটেছে। একের পর এক খুন, চাঁদাবাজী, সন্ত্রাস, মারামারি, দখল ও মাদকের চরম বিস্তার ঘটেছে। খুলনা মহানগর পুলিশ নিয়ন্ত্রণ করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। ফলে খুলনার সাধারণ মানুষ এখন এই সন্ত্রাসের জনপদ থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। খুলনার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি উল্ল্যেখ করেন।
তিনি বলেন, কারা, কী উদ্দেশ্যে এবং কাদের নির্দেশে এ গুলি চালিয়েছে, তা শনাক্ত করার এবং এর আশু নিয়ন্ত্রণ করতে হবে। তবে পুলিশ বলছে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
১৭ দিন দোকান বন্ধ, পুলিশের সহযোগিতায় পুনরায় চালু, এরপরও গুলিবর্ষণ এই ধারাবাহিকতায় চাঁদাবাজির হুমকিতে থাকা ব্যবসায়ীদের নিরাপত্তা কতটা নিশ্চিত, সেই প্রশ্নই এখন সামনে এসেছে দাড়িয়েছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের বাড়িঘর লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা খুলনায় উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। একের পর এক এমন ঘটনায় শুধু অপরাধীদের শনাক্ত নয়, চাঁদাবাজ চক্রের পৃষ্ঠপোষক ও নেপথ্যের শক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জোরালো হচ্ছে।
খুলনায় একের পর এক গুলিবর্ষণের ঘটনায় এবার দুর্বৃত্তদের নিশানা হয়েছে জিয়াউর রহমান ফকিরের বসতবাড়ি। শুক্রবার সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে এসে বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় হেলমেট পরা দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও নগরীর উপকণ্ঠে খানজাহান আলী থানা এলাকার যোগীপোল ইউনিয়নে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ৮টায় খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হামলার শিকার জিয়াউর রহমান ফকির তোতা ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। তাদের সবার মাথায় হেলমেট ছিল। তারা জিয়াউর রহমান ফকিরের বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এরপর দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। হেলমেট পরা থাকায় হামলাকারীদের কেউ শনাক্ত করতে পারেননি।
গুলির শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। বাড়ির প্রধান ফটক ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা, কী কারণে এই হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। সারা নগরীজুড়ে চরম আতংক বিরাজ করছে।