Home আলোচিত সংবাদ চায়ের কাপে অপরাজিতার রঙ

চায়ের কাপে অপরাজিতার রঙ

1


তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
লাল কিংবা দুধ চা নয়, এবার চায়ের কাপেই অপরাজিতা ফুলের রঙ। দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদে রয়েছে ভিন্নতা। মাত্র ১০ টাকায় এক কাপ চা’তেই আলোচনায় এসেছেন নারী উদ্যোক্তা আশা সুলতানা। প্রকৃতির নীল- বেগুনি রঙে তৈরি ব্যতিক্রমী অপরাজিতা ফুলের চা। স্বল্প মূল্যে ভিন্ন স্বাদের এই চা পরিবেশন করে সাতক্ষীরার তালা উপজেলার স্থানীয় চা-প্রেমীদের নজর কেড়েছেন এই নারী উদ্যোক্তা।

উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর সাইক্লোন সেন্টারের সামনে অবস্থিত এসকে সালমান টি-স্টোরে পাওয়া যাচ্ছে এ বিশেষ চা। প্রতিদিন দূর-দূরান্ত থেকে নতুন স্বাদের এই পানীয় পান করতে দোকানটিতে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। স্বামী সালমানকে সঙ্গে নিয়ে ২ বছর আগে থেকে অপরাজিতা ফুলের চা বিক্রির উদ্যোগ নিয়েছেন তিনি।

নিজের উদ্যোগ সম্পর্কে আশা সুলতানা বলেন, গ্রামের সাধারণ চায়ের দোকানে মানুষ সারাদিন দুধ চা আর লাল চা-ই পান করেন। আমি চেয়েছিলাম অল্প পুঁজিতে এমন কিছু শুরু করতে, যা দেখতে সুন্দর, স্বাদে আলাদা এবং সবার সাধ্যের মধ্যে থাকবে। সেই চিন্তা থেকেই অপরাজিতা ফুলের চা চালু করেছি।

তিনি আরও বলেন, ‘শুরুতে মানুষ কৌতূহল নিয়ে চা খেতে আসতেন। এখন স্বাদ পছন্দ হওয়ায় অনেকেই নিয়মিত আসছেন। চাহিদা বাড়ায় দোকানটি আরও সুন্দর ও গুছিয়ে নেওয়ার পরিকল্পনা করছি।’

অপরাজিতা ফুলের চায়ের অন্যতম আকর্ষণ দৃষ্টিনন্দন নীল-বেগুনি রঙ। কাপে চা পরিবেশনের পর প্রাকৃতিক রঙের আভা সহজেই মানুষের নজর কাড়ে। প্রচলিত চায়ের বাইরে ভিন্ন স্বাদের অভিজ্ঞতা পাওয়ায় বিশেষ করে নতুন কিছু খুঁজতে আগ্রহী চা-প্রেমীদের মধ্যে এটি জনপ্রিয় হয়ে উঠছে।

নীল অপরাজিতা ফুলে অ্যান্টিঅঙ্েিডন্টসহ বিভিন্ন উদ্ভিজ্জ উপাদান রয়েছে। তবে এর স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে আরও বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজন রয়েছে। স্বাদের পাশাপাশি প্রাকৃতিক রঙের কারণে পানীয়টি মানুষের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
চা-প্রেমী ইমরান হোসেন বলেন, গ্রামের চায়ের দোকানগুলোয় সাধারণত চিরাচরিত চা-ই পাওয়া যায়। সেখানে মাত্র ১০ টাকায় এমন সুন্দর রঙ ও ভিন্ন স্বাদের চা পাওয়া সত্যিই আনন্দের। বন্ধুদের নিয়ে আড্ডা দিতে এসে নতুন কিছু খাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
শুধু চায়ের রঙ কিংবা দামের কারণে নয়, উদ্যোক্তার আন্তরিক ব্যবহারও দোকানটিকে স্থানীয়দের কাছে আকর্ষণীয় করে তুলেছে। হাসিমুখে চা পরিবেশন এবং ক্রেতাদের সঙ্গে আন্তরিক কথোপকথনে সাধারণ দোকানটি পরিণত হয়েছে স্থানীয়দের সকাল-সন্ধ্যার আড্ডাস্থলে।

চা পান করতে আসা জহুর হোসেন সাগর বলেন, গ্রামীণ ক্ষুদ্র ব্যবসায় নারীদের সক্রিয় অংশগ্রহণ ও সৃজনশীলতা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। স্বল্প পুঁজি ও ঘরোয়া উদ্যোগে কীভাবে গ্রাহকের মনোযোগ আকর্ষণ করা যায়, গঙ্গারামপুরের এই চায়ের দোকান তার একটি ছোট্ট উদহারণ।

এ বিষয়ে তালা উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহসিন আলী সরদার বলেন, পরিচ্ছন্নতা, স্বাদ ও মান বজায় রাখতে পারলে এই উদ্যোগ আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে। পাশাপাশি গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্যও এটি হতে পারে নতুন কিছু করার অনুপ্রেরণা এ ধরনের উদ্যোগে নিয়মিত উপকরণ সরবরাহ ও পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।

তালা বাজার বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, মাত্র ১০ টাকার অপরাজিতা ফুলের চা তালার গঙ্গারামপুর এলাকায় তৈরি করেছে নতুন আকর্ষণ। সাধারণ চায়ের দোকানে ব্যতিক্রমী এই আয়োজন স্থানীয়দের কাছে যেমন কৌতূহলের বিষয় হয়ে উঠেছে, তেমনি স্বল্প পুঁজিতে একজন নারী উদ্যোক্তার নতুন কিছু করার প্রচেষ্টাও পেয়েছে পরিচিতি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান জানান, অপরাজিতা ফুলের চা (ব্লু টি বা বাটারফ্লাই পি ফ্লাওয়ার টি) হলো অপরাজিতা ফুল থেকে তৈরি একটি ক্যাফেইনমুক্ত হারবাল পানীয়, যা ফুটন্ত পানিতে ভেজালে উজ্জ্বল নীল রঙ ধারণ করে এবং লেবুর রস মেশালে বেগুনি রঙে বদলে যায়। সাম্প্রতিক দুধ চা বা লাল চায়ের বিকল্প হিসেবে তালা অঞ্চলে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।