Home আঞ্চলিক নাশকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধে রাতভর খুলনা নগরী পাহারায় স্বেচ্ছাসেবক দল

নাশকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধে রাতভর খুলনা নগরী পাহারায় স্বেচ্ছাসেবক দল

4

স্টাফ রিপোর্টার।।

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোসরদের যেকোনো ধরনের নাশকতা, অগ্নিসন্ত্রাস ও অরাজকতা প্রতিরোধে খুলনা নগরীতে কঠোর অবস্থান নিয়েছে মহানগর স্বেচ্ছাসেবক দল। জননিরাপত্তা নিশ্চিত করা এবং নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সদস্য সচিব ইস্তিয়াক আহম্মেদ ইস্তির নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা নগরীর প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় এবং পাড়া-মহল্লার অলিগলিতে সতর্ক পাহারা ও টহল জোরদার করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা ও চোরাগোপ্তা হামলার আশঙ্কায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দিন-রাত মাঠে সক্রিয় রয়েছেন। বিশেষ করে রাতের আঁধারে কেউ যেন পেট্রোল বোমা, ককটেল হামলা কিংবা সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সেজন্য নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ মোড় এবং আবাসিক এলাকার অলিগলিতে ভাগ হয়ে অবস্থান নিয়েছেন তাঁরা।

সরেজমিনে দেখা যায়, নগরীর শিববাড়ি মোড়, পিকচার প্যালেস, ডাকবাংলা, পাওয়ার হাউজ মোড়, রয়েল মোড়, সাতরাস্তা, শান্তিধাম, নিরালা, সোনাডাঙ্গা, দৌলতপুর ও রুপসা মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নিয়মিত মহড়া ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

এ বিষয়ে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহম্মেদ ইস্তি বলেন, “জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসররা পরিকল্পিতভাবে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে খুলনাসহ সারাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা এবং নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা রাজপথে আছি। কোনো অপশক্তিকেই খুলনার মাটিতে নাশকতা চালাতে দেওয়া হবে না।”

তিনি আরও জানান, যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে মহানগরীর প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের এই পাহারা ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।