স্পোর্টস ডেস্ক।।
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন এবার হাজির হয়েছেন একেবারে ভিন্ন রূপে। ক্রিকেটের জার্সি ছেড়ে গায়ে তুলেছেন কুর্তা-পায়জামা, কাঁধে গামছা।
হাতে দাঁতন, সঙ্গে ভুটকুনের চা। ঘুরে বেড়াচ্ছেন ভারতের কাল্পনিক গ্রাম ফুলেরায়। উপলক্ষ জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুমের প্রচার। প্রাইম ভিডিওর প্রকাশিত নতুন এক প্রচারণামূলক ভিডিওতে ফুলেরার বাসিন্দা হিসেবে দেখা গেছে পিটারসেনকে।
সেখানে হিন্দিতে কথা বলার পাশাপাশি সিরিজটির পরিচিত কিছু সংলাপও আওড়েছেন তিনি। নেচেছেন ওয়েব সিরিজটির জনপ্রিয় গানের তালে।
নতুন প্রধানের সঙ্গেও দর্শকদের পরিচয় করিয়ে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
ভিডিওতে পিটারসেন বলেন, ‘আমি কেভিন পিটারসেন। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার। লন্ডন থেকে সিডনি, পৃথিবীর নানা জায়গায় ঘুরেছি। কিন্তু ফুলেরার মতো জায়গা পৃথিবীতে আর কোথাও নেই।’
সিরিজটির জনপ্রিয় সংলাপ ‘গজব বেইজ্জতি হ্যায় ইয়ার’ বলতেও দেখা যায় তাকে। ফুলেরার বিভিন্ন পরিচিত জায়গা ঘুরে দেখানোর সময় গ্রামের পানির ট্যাংকিকে তুলনা করেন প্যারিসের আইফেল টাওয়ারের সঙ্গে। তার মতে, আইফেল টাওয়ার যেমন রোমান্সের প্রতীক, ফুলেরার পানির ট্যাংকিও তেমনি প্রেমের গল্পের সঙ্গে জড়িয়ে আছে। সব মিলিয়ে ফুলেরাকে ভারতের সেরা ভ্রমণস্থল বলেও অভিহিত করেন তিনি।
ফুলেরার চায়ের সংস্কৃতির কথাও তুলে ধরেছেন পিটারসেন। সেখানে কেউ চায়ের দোকানে গিয়ে ‘চাই লাতে’ অর্ডার করেন না। বরং বলতে হয়, ‘অ্যাই, দো কাপ চায়ে।’ ভিডিওতে ভুটকুনের চায়ের স্বাদ নেওয়ার পাশাপাশি গ্রামের চেনা পরিবেশেও বেশ সাবলীল দেখা গেছে তাকে।
দীপক কুমার মিশ্র, চন্দন কুমার ও অরুণাভ কুমারের নির্মিত ‘পঞ্চায়েত’ সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ওয়েব সিরিজগুলোর একটি। এতে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সুনীতা রাজওয়ার, ফয়সাল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার ও অশোক পাঠকসহ অনেকে।
২০২০ সালে প্রথম মৌসুম দিয়ে যাত্রা শুরু করে সিরিজটি। প্রথম মৌসুম ৫৪তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) উদ্বোধনী সেরা ওয়েব সিরিজ (ওটিটি) পুরস্কার জেতে। চতুর্থ মৌসুম মুক্তির দিনেই ৪২টির বেশি দেশে প্রাইম ভিডিওর ট্রেন্ডিং তালিকার শীর্ষ দশে জায়গা করে নেয়। বিশ্বের ১৮০টির বেশি দেশে প্রচারিত হয় সেই মৌসুম।











































