স্পোর্টস ডেস্ক।।
ফিল সিমন্সকে বাদ দেওয়ার উপলক্ষ খোঁজা হচ্ছে অনেক দিন ধরে। জাতীয় দল ভিন্ন ভিন্ন সিরিজে ভালো খেলায় কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছিল না বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন পরিচালক।
টেস্টে টানা তিনটি সিরিজে বাজে ফল হওয়া এবং ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ব্যর্থতায় সে সুযোগ এসেছে বলে মনে করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
চুক্তির শর্ত অনুযায়ী অতিরিক্ত তিন মাসের বেতন দেওয়া হবে কোচকে। বিসিবির একজন কর্মকর্তা জানান, নাজমুল হোসেন শান্তরা আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটি খেলবেন নতুন কোচের অধীনে। জাতীয় দলের কোচ হিসেবে জোনাথন ট্রটকে পছন্দ বিসিবির। একটি সূত্র জানায়, এই ইংলিশের সঙ্গে পাকা কথা হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই সম্পন্ন হবে বাকি আনুষ্ঠানিকতা।
২০২৪ সালে চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করে সিমন্সকে নিয়োগ দেয় বিসিবি। সে বছর ১৫ অক্টোবর খণ্ডকালীন নিয়োগ পান তিনি। ২০২৫ সালের মার্চে পুনর্নিয়োগ পান ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ নিয়োগ দেন তাঁকে। ৬৩ বছর বয়সী সিমন্সের কাজ নিয়ে প্রশ্ন ছিল প্রথম থেকে। জাতীয় দলের সাবেক সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে দায়িত্ব চাপিয়ে নিজে বিশ্রাম করতেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন হলে মাঠে দেখা যায় তাঁকে।
বিদেশে সিরিজ খেলতে গেলে অতটা একাগ্র দেখা যায় না সিমন্সকে। বিভিন্ন সময়ে জাতীয় দলের একাধিক সদস্যের কাছ থেকে শোনা, ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে নির্বিকার থাকেন সিমন্স। প্রধান কোচের ঢিলেমির প্রভাব বাকি কোচিং স্টাফের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন নীতিনির্ধারকরা।
বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘বিশ্বকাপের বেশি দেরি নেই। আরও আগেই কোচিং স্টাফ ঢেলে সাজানো উচিত ছিল। বাংলাদেশের জন্য সব সময় একজন অ্যাকটিভ (একাগ্র) কোচ প্রয়োজন হয়। সিমন্স সে ধরনের নন। এ ছাড়া জাতীয় দলে দেশি কোচ বেশি হয়ে গিয়েছিল।
দেশের কোচরা এখনও আন্তর্জাতিক মানের হতে পারেননি। ক্রিকেটাররাও বিদেশিদের যেভাবে মানে, দেশিদের সেভাবে মানে না। একটু দেরি হলেও বিদেশি কোচ নিয়োগ দেওয়া হচ্ছে জাতীয় দলের জন্য। বিসিবি সভাপতি তামিম ইকবাল বিষয়টি দেখছেন।’ এ মুহূর্তে জাতীয় দলের প্রধান কোচ সিমন্স আর সহকারী কোচ মালিবঙ্গয়ে মাকেতা দীর্ঘ মেয়াদে নিয়োগপ্রাপ্ত। দক্ষিণ আফ্রিকা সফরে খণ্ডকালীন নিয়োগ দেওয়া হয়েছে ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টেইন। সহকারী কোচ মাকেতার সঙ্গে চুক্তি ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত।
জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল কোচ সিমন্স। ৩৮ হাজার ডলার (১২৫ টাকা ডলার হিসেবে– ৪৭ লাখ ৫০ হাজার টাকা) বেতন তাঁর। ট্যাক্স কেটে রেখে ২৮ হাজার ডলার দেওয়া হয় তাঁকে। বছরে তিনবার দেশে ফেরার বিমান টিকিট, ঢাকার আবাসন, গাড়ি মিলিয়ে আনুষঙ্গিক সুবিধা দিতেও মোটা টাকা ব্যয় করতে হয় সিমন্সের পেছনে। সে তুলনায় তাঁর কাছ থেকে ভালো কিছু পাচ্ছে না জাতীয় দল।
জোনাথন ট্রটকে নিয়োগ দিলে আলোদা করে ব্যাটিং কোচ প্রয়োজন হবে না বলে মনে করেন নীতিনির্ধারকরা। পেস বোলিং কোচ হিসেবে তালহা জুবায়ের থাকলেও বিদেশি নিয়োগ দেওয়া হতে পারে। সহকারী কোচ মাকেতা ফিল্ডিং কোচের ভূমিকা পালন করতে পারেন।
এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ডে আনুষ্ঠানিক আলোচনা হবে বলে জানান একজন পরিচালক। সিমন্সকে বাদ দেওয়ার আলোচনা আজকের সভায় হবে না বলে জানান তিনি। কারণ বিসিবি সভাপতি তামিম চান না সিরিজ চলাকালে ড্রেসিংরুমের আলোচনায় বাইরের বিষয় প্রভাব ফেলুক। যদিও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কোচ পরিবর্তনের প্রশ্নে তামিম বলেছেন, ‘অপেক্ষা করেন অনেক কিছুই হবে।’











































