আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের মুম্বাইয়ে রেলস্টেশনের গণশৌচাগারে ৬০ বছর বয়সী এক নারীকে মারধরের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ঘাটকোপার রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৭ বছর বয়সী এক যুবককে শনাক্ত করেছে পুলিশ। অভিযুক্ত পেশায় একজন দর্জি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ১৮ বছর বয়সী মেয়েকে নিয়ে ঘাটকোপার রেলস্টেশনে আসেন ওই নারী। দুজনই বাড়ি ফিরছিলেন।
ট্রেনের জন্য অপেক্ষা করার সময় স্টেশনের শৌচাগারে যান তিনি। ওই নারীর অভিযোগ, তিনি শৌচাগারে প্রবেশ করলে এক ব্যক্তি গোপনে তার পিছু নেয়।
এরপর জোরপূর্বক তার ওপর হামলা চালায়। এ সময় ওই নারী চিৎকার করে সাহায্য চাইলে অভিযুক্ত তাকে বেধড়ক মারধর করে। এতে তার মুখ ও বুকে গুরুতর আঘাত লাগে। পরে শৌচাগারেই তাকে ধর্ষণ করে পালিয়ে যায় ওই যুবক।
রক্তাক্ত ও আহত অবস্থায় শৌচাগার থেকে বেরিয়ে মেয়েকে পুরো ঘটনা জানান ওই নারী। পরে বিষয়টি সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে জানানো হয়।
পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। ফুটেজে অভিযুক্তকে মেট্রো স্টেশনের দিকে পালিয়ে যেতে দেখা যায়। এরপর তাকে ধরতে কুরলা জিআরপি সাতটি বিশেষ দল গঠন করে।
তদন্তের একপর্যায়ে ঘাটকোপার পশ্চিমের আসালফা এলাকা থেকে অভিযুক্ত যুবককে শনাক্ত করে পুলিশ। তার নাম তসলিম নূর মোহাম্মদ শাহ। বয়স ২৭ বছর। পেশায় তিনি একজন দর্জি।
পুলিশের ধারণা, মাদকদ্রব্যের প্রভাবে ওই ব্যক্তি অপরাধটি ঘটিয়ে থাকতে পারে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।











































