বিনোদন ডেস্ক।।
দুই যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন সুমাইয়া শিমু। টেলিভিশন নাটকে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নাটকে কাজ করলেও এত দিন বড় পর্দায় দেখা যায়নি তাঁকে।
এবার প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। সিনেমার নাম ‘যাত্রা বিরতি’। এতে তাঁর সহশিল্পী হিসেবে আছেন মোশাররফ করিম, যার সঙ্গে বহু নাটকে কাজ করেছেন তিনি।
সিনেমায় অভিনয়ের বিষয়ে সমকালকে সুমাইয়া শিমু বলেন, ‘আমার দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশনের জন্য অনেক কাজ করেছি। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ হয়েছে। তবে সিনেমায় অভিনয় করা হয়নি। বেশ কয়েকবার প্রস্তাবও পেয়েছি। কিন্তু কখনো গল্প, কখনো অন্য কোনো কারণে কাজগুলো করা হয়নি। এরপর যখন ‘যাত্রা বিরতি’র চিত্রনাট্য হাতে পাওয়ার পর মনে হয়েছে, এই গল্পটির সঙ্গে যুক্ত হওয়া যায়। গল্পটি পড়েই ভালো লেগেছে। চরিত্রটিও পছন্দ হয়েছে। তাই এবার আর না করিনি।’
দীর্ঘদিন পর সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে বিশেষ কোনো কারণ আছে কি না, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘আমার কাছে কাজের ক্ষেত্রে গল্প সব সময় গুরুত্বপূর্ণ। অভিনয়ের প্রস্তাব পেলেই কাজ করতে হবে, এমনটা কখনো ভাবিনি। একটি গল্প আমাকে কতটা আকৃষ্ট করছে, সেখানে আমার অভিনয়ের সুযোগ কেমন—এসব বিষয় বিবেচনা করি। ‘যাত্রা বিরতি’র ক্ষেত্রেও সেটাই বিবেচনা করেছি। সিনেমার চিত্রনাট্য পড়েই মনে হয়েছে, গল্পটি দর্শকের কাছে পৌঁছানো দরকার। এই সিনেমার গল্প ও চরিত্র—দুটিই আমাকে আগ্রহী করেছে। সে কারণেই দীর্ঘদিন পর সিনেমায় কাজ করতে রাজি হয়েছি।’
বর্তমানে সিনেমাটির শুটিংয়ের জন্য বরিশালে রয়েছেন সুমাইয়া শিমু। টানা শুটিং শেষে আগামী মাসে ঢাকায় ফিরবেন তিনি। কাজী আসাদ পরিচালিত ‘যাত্রা বিরতি’র শুটিং শুরু হয়েছে ১৯ নভেম্বর। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের শহর বরিশালে কয়েক দিন শুটিংয়ের পর কুয়াকাটায় যাবেন শিল্পীরা। ৯ ডিসেম্বর পর্যন্ত টানা শুটিং চলবে।
‘যাত্রা বিরতি’তে নিজের চরিত্র প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘আমার অভিনীত চরিত্রটি খুব সাধারণ একজন মানুষের। আমাদের চারপাশে, প্রতিটি পরিবারেই এমন মানুষ দেখা যায়। বলা যায়, চরিত্রটির মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলোর সঙ্গে সাধারণ মানুষ সহজেই পরিচিত বোধ করবেন। হয়তো সিনেমাটি দেখতে গিয়ে কারও মনে হবে, এই মানুষটিকে তো আমি চিনি, আমার পরিবারেও এমন একজন আছেন। এ ধরনের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে আলাদা দায়িত্ব থাকে। কারণ, দর্শকের পরিচিত একটি মানুষকে পর্দায় তুলে ধরতে হলে তাঁর আচরণ, অনুভূতি ও জীবনযাপনের ধরন বিশ্বাসযোগ্য করে ফুটিয়ে তুলতে হয়। আমার কাছে এই জায়গাটিই চ্যালেঞ্জিং মনে হয়েছে।’











































