Home আঞ্চলিক বাগেরহাটে ঢোকার চেষ্টাকালে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশের গুলি

বাগেরহাটে ঢোকার চেষ্টাকালে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশের গুলি

1


বাগেরহাট প্রতিনিধি।।

গোপালগঞ্জ থেকে মিছিল নিয়ে বাগেরহাটের মোল্লাহাটে প্রবেশকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ শনিবার সন্ধ্যায় মধুমতি নদীর ওপর অবস্থিত আবুল খায়ের সেতু ও ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার প্রাথমিক খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর থেকেই মোল্লাহাটের মধুমতি সেতু এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সন্ধ্যার পর পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে আসেন। তাদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।

এ সময় সেতুর এপারে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া দিলে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। এতে সেতু ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে মোল্লাহাটে প্রবেশ করতে না পারে, সে জন্য তাদের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মধুমতি সেতু ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৯টায় সংঘর্ষ চলছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিএনপি নেতাকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।