Home আঞ্চলিক সাতক্ষীরায় ২৮ কোটির সুপারি উৎপাদন, বাড়ছে নতুন বাগান

সাতক্ষীরায় ২৮ কোটির সুপারি উৎপাদন, বাড়ছে নতুন বাগান

1


তালা (সাতক্ষীরা) প্রতিনিধি।।

উপকূলীয় জেলা সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে সুপারির ব্যাপক আবাদ হচ্ছে। স্বল্প খরচে ভালো ফলন ও দাম বেশি পাওয়ায় দিন দিন বাড়ছে সুপারির আবাদ। এরই মধ্যে জেলার অনেক কৃষকই এখন নতুন নতুন সুপারি বাগান গড়ে তুলছেন।

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, সাতক্ষীরা জেলায় পান উৎপাদনের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ সুপারিও উৎপাদন হচ্ছে। গত বছর জেলায় মোট ১৬০ হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছিল। চলতি বছরে জেলায় ১৭০ হেক্টর জমিতে সুপারি আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ১০ হেক্টর বেশি জমিতে সুপারির আবাদ হয়েছে।


এ বছর ১৭০ হেক্টর জমিতে উৎপাদিত সুপারির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৭১ টন। যার বাজারমূল্য আনুমানিক ২৭ থেকে ২৮ কোটি টাকা। কেজিপ্রতি শুকনো সুপারির বাজার দর ৩০০ থেকে ৪০০ টাকা। প্রতিটি সুপারিগাছে ৪ থেকে ৫ কেজি সুপারি উৎপাদন হয় বলে কৃষি বিভাগ জানিয়েছে।

জেলার তালা উপজেলার কুমিরা গ্রামের কৃষক অরবিন্দু কুমার বলেন, তার তিন বিঘা জমিতে সুপারি বাগান রয়েছে। নারিকেল বা অন্য ফসলি গাছগাছালির সঙ্গে মূলত সুপারিগাছ লাগানো রয়েছে তার। বছরে তিনি তার বাগান থেকে ৭০ থেকে ৮০ হাজার টাকার সুপারি বিক্রি করেন।

তিনি আরও জানান, স্থানীয় ব্যাপারীরা পাইকারি দরে তার বাগান থেকে সুপারি নিয়ে যান। এসব গাছে ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত ফল পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তার গ্রামের আনেক কৃষক পান বরজের পাশাপাশি সুপারি বাগান করেছেন বলে জানান তিনি।
চাষিদের ভাষ্য মতে, শুধু তালা উপজেলা নয়, জেলার সাত উপজেলার প্রত্যেকটি গ্রামে এখন সুপারি চাষ হচ্ছে। প্রতিবছর আম, লিচু, নারিকেল, পেয়ারা, কুল, পান চাষের মতো সুপারির চাষও বৃদ্ধি পাচ্ছে। এখানকার মাটির সুপারির স্বাদ সম্পূর্ণ ভিন্ন। ফলনও অনেক বেশি। তাই সারা দেশের পান বিক্রেতাদের কাছে সাতক্ষীরার সুপারির চাহিদাও অনেক বেশি।

জেলার একমাত্র পাইকারি সুপারি বিক্রির মোকাম উপজেলার পাটকেলঘাটা বাজার। সেখানে সপ্তাহে দুই দিন (মঙ্গল ও শুক্রবার) হাট বসে।
পাটকেলঘাটা বাজারের সুপারি বিক্রির আড়তদার ওয়াজেদ আলী বলেন, প্রতি মঙ্গল ও শুক্রবার তার আড়তে ২০ থেকে ২৫ লাখ টাকার সুপারি বেচাকেনা হয়। জেলার বিভিন্ন এলাকার পাইকারি ব্যবসায়ীরা পাটকেলঘাটা থেকে সুপারি ও পান কিনতে আসেন।

সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড়ের পান-সুপারি বিক্রেতা সিরাজুল ইসলাম জানান, সুপারি কাঁচা ও শুকনো দুটিরই চাহিদা রয়েছে। প্রতিদিন তিনি প্রচুর পরিমাণ পান ও সুপারি বিক্রি করে থাকেন। পাটকেলঘাটা বাজার থেকে সপ্তাহে দুই দিন তিনি পান ও সুপারি পাইকারি ক্রয় করে এখানে নিয়ে এসে তা খুচরা বিক্রি করে থাকেন। কাঁচা সুপারি প্রতি হাজার ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা দরে ক্রয় করছেন। এ ছাড়া শুকনো সুপারি কেজি প্রতি ৪০০ টাকা পাইকারি দামে ক্রয় করছেন।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ইকবাল আহমেদ বলেন, চলতি বছরে জেলায় ১৭০ হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছে। এ পরিমাণ জমিতে উৎপাদিত সুপারির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৭১ টন। যার বাজারমূল্য আনুমানিক ২৭ থেকে ২৮ কোটি টাকা।

তিনি আরও জানান, পান ও সুপারি আমাদের দেশের অর্থকরী ফসল। বছরে উল্লেখযোগ্য পরিমাণে সুপারি উৎপাদন হচ্ছে সাতক্ষীরায়। এখন অনেকে বাড়ির বসতভিটা ও পুকুরের ধারে সুপারি বাগান করছেন। আবার কোনো কোনো কৃষক সাথি ফসল হিসেবেও সুপারির সঙ্গে বিভিন্ন ফসল চাষাবাদ করছেন।