স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীর শিববাড়ী মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত মূল আসামি মো. আকাশকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর শেখপাড়া স্টাফ কোয়ার্টার্সের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আকাশ শেখপাড়া স্টাফ কোয়ার্টার্স এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত খোরশেদ আলম এবং মায়ের নাম ছকিনা বেগম।
পুলিশ জানায়, তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে। একই সঙ্গে এ ঘটনার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা, মদদদাতা ও অন্যান্য সহযোগীদের শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের। তাদের গ্রেফতারে তদন্ত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এজাহারভুক্ত মূল আসামি আকাশকে রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।
গত ১১ নভেম্বর ভোর সোয়া ৪টার দিকে শিববাড়ী মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়। মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও ২৫ডি ধারায় অভিযোগ আনা হয়েছে।











































