Home আলোচিত সংবাদ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সেতু ও রাস্তা নির্মাণ

দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সেতু ও রাস্তা নির্মাণ

2

পাইকগাছা প্রতিনিধি।।

দীর্ঘদিনের খাল পারাপার ও যাতায়াতের দুর্ভোগ দূর করতে খুলনার পাইকগাছায় নিজ অর্থায়নে ২০০ ফুট দীর্ঘ আরসিসি সেতু ও ছয়টি পাকা রাস্তা নির্মাণ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক শিবপদ মন্ডল।

শুক্রবার (২৭ নভেম্বর) খালিয়ারচক ও নুনিয়াপাড়ার সংযোগকারী খালিয়া খালের ওপর নির্মিত সেতুটির ঢালাইয়ের কাজ শেষ হয়। ছালুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নির্মিত সেতুটি চালু হলে খাল পারাপারে নৌকা ও ভাসমান ভেলার ওপর নির্ভরতা কমবে।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতু না থাকায় এত দিন শিক্ষার্থী, বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সাধারণ মানুষকে খাল পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হতো। সেতুটি নির্মাণের ফলে উপজেলা সদর ও স্কুল-কলেজসহ বিভিন্ন স্থানে যাতায়াত সহজ হবে।

শুধু সেতু নয়, একই উদ্যোগে ইউনিয়নের ছালুবুনিয়ায় তিনটি, নুনিয়াপাড়ায় দুটি এবং আমুরকাটায় একটি পাকা রাস্তা নির্মাণ করেছেন শিবপদ মন্ডল। এতে কয়েকশ পরিবারের চলাচলে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোলাদানা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নাসিমা বেগম বলেন, ‘সরকারের পাশাপাশি এলাকার উন্নয়নে সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। এ ধরনের জনহিতকর উদ্যোগকে সহযোগিতা করা উচিত।’

স্থানীয় ব্যবসায়ী শিবপদ মন্ডল মৎস্য ঘের, মাছের পোনা ও কাঁকড়ার ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি তিনি পাইকগাছা উপজেলা মতুয়া মহাসংঘের সভাপতির দায়িত্ব পালন করছেন।

সুন্দরবনসংলগ্ন সোলাদানা ইউনিয়নের চারপাশে নদী ও অভ্যন্তরে অসংখ্য খাল-বিল থাকায় দীর্ঘদিন ধরেই যোগাযোগব্যবস্থায় পিছিয়ে রয়েছে এলাকাটি। অনেক স্থানে এখনও নৌকা ও বাঁশের সাঁকোই মানুষের চলাচলের ভরসা। এমন পরিস্থিতিতে ব্যক্তিগত অর্থায়নে সেতু ও রাস্তা নির্মাণের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।