Home আন্তর্জাতিক আসন পুনর্বিন্যাস নিয়ে মুখোমুখি ভারত সরকার ও বিরোধীরা

আসন পুনর্বিন্যাস নিয়ে মুখোমুখি ভারত সরকার ও বিরোধীরা

0

আন্তর্জাতিক ডেস্ক।।

‘ডিলিমিটেশন বিল-২০২৬’ (আসন পুনর্বিন্যাস) ঘিরে ভারতের জাতীয় রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। এই বিলকে কেন্দ্র করে ভাঙনের মুখে পড়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’।

আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশনে কেন্দ্রের বিজেপি সরকার ‘দ্বিতীয় ডিলিমিটেশন বিল, ২০২৬’ পেশ করতে যাচ্ছে। এর আগে চলতি বছরের ১৭ এপ্রিল দুই-তৃতীয়াংশ ভোটের অভাবে বিলটি আটকে গিয়েছিল। তবে এবার ক্ষমতাসীন বিজেপি দুই-তৃতীয়াংশ ভোট নিশ্চিত করতে উঠেপড়ে লেগেছে। বিরোধীরাও বিলটি ঠেকাতে নানা দৌড়ঝাঁপ করছে।

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কংগ্রেস, তৃণমূল কংগ্রেস (মমতা বন্দ্যোপাধ্যায়) এবং সমাজবাদী পার্টি এই বিলের তীব্র বিরোধিতা করলেও, জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক তামিলনাড়ুর এমকে স্ট্যালিনের ডিএমকে এবং মহারাষ্ট্রের শারদ পাওয়ারের দল এনসিপি-এসপি মোদি সরকারের এই বিলকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। তাতেই বিলটি পাসের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে ক্ষমতাসীন এনডিএ জোট।

সংবিধান সংশোধনী বিল পাসের জন্য লোকসভায় দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন। এনডিএ-র সাথে ডিএমকে, এনসিপি-এসপি, ওয়াইএসআরসিপি যোগ দেওয়ায় বিলটি পাস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে।

ডিএমকে ও এনসিপি-কে সিদ্ধান্ত বদলাতে রাজি করাতে রবিবার বিকেলে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ শীর্ষ বিরোধী নেতারা চেন্নাইয়ে এম কে স্ট্যালিনের সাথে এবং রাতে মুম্বাইয়ে শারদ পাওয়ারের সাথে জরুরি বৈঠকে বসছেন। তবে স্ট্যালিন ইতিমধ্যেই সিদ্ধান্ত বদলানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

নতুন বিলে লোকসভার আসন ৫৪৩ থেকে ৫০ শতাংশ বাড়িয়ে ৮৫০টি করার প্রস্তাব করা হয়েছে। ২০২৯ সালের নির্বাচনের আগেই নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করার যুক্তি দেখিয়ে সরকার এই বিল আনছে।

রাহুল গান্ধী অভিযোগ করেছেন, ৮৫০ আসনের এই বিল ভারতের ‘গণতন্ত্রকে শেষ করে দেবে’।

বিরোধীদের আশঙ্কা, সীমানা পুনর্বিন্যাসের নামে বিজেপি নিজেদের সুবিধামতো নির্বাচনী এলাকার মানচিত্র বদলে দেবে, যাতে বিরোধী ভোট ভাগ হয়ে যায় এবং বিজেপি একচেটিয়া সুবিধা পায়।
২০২৭ সালে নতুন আদমশুমারি হওয়ার কথা থাকলেও সরকার ২০১১ সালের পুরনো জনগণনার তথ্যের ভিত্তিতেই সীমানা পুনর্নির্ধারণ করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন, নতুন জনগণনার আগেই কেন এত তাড়াহুড়া করে সংবিধান বদলানো হচ্ছে?

আগে দক্ষিণের রাজ্যগুলোর আশঙ্কা ছিল যে জনসংখ্যার ভিত্তিতে আসন বাড়লে উত্তর ভারতের রাজ্যগুলোর ক্ষমতা বেড়ে যাবে এবং দক্ষিণের রাজ্যগুলো ক্ষতিগ্রস্ত হবে। তা সামাল দিতে সরকার নতুন খসড়ায় প্রস্তাব দিয়েছে যে, ২০৫১ সাল পর্যন্ত প্রতিটি রাজ্যের আনুপাতিক আসন হার অপরিবর্তিত রেখে সবার আসন সমানভাবে ৫০ শতাংশ বাড়ানো হবে। এই শর্তেই ডিএমকে বিলটিকে সমর্থন দিয়েছে।

বিরোধীদের মতে, ২০২৩ সালেই নারী সংরক্ষণ বিল পাস হয়ে গেছে। সরকার এখন নারীদের ৩৩ শতাংশ আসন দেওয়ার অজুহাত দেখিয়ে এর আড়ালে নিজেদের রাজনৈতিক স্বার্থে নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের বিলটি পাস করিয়ে নিতে চাইছে।

ভারতের ২০২৩ সালের ‘নারী সংরক্ষণ আইন’-এর শর্ত অনুযায়ী, আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত লোকসভা ও বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করা সম্ভব নয়। আইনগতভাবে নারীদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ সরাসরি ডিলিমিটেশনের সঙ্গেই বেঁধে দেওয়া হয়েছে। মোদি সরকার বলছে, যেহেতু ২০২৭ সালে পরবর্তী আদমশুমারি হবে এবং ২০২৯ সালে পরবর্তী লোকসভা নির্বাচন। তাই ২০২৯ সালের নির্বাচনের আগেই নারীদের ৩৩ শতাংশ আসন নিশ্চিত করতে হলে এখনই ডিলিমিটেশন বিল পাস করে কাজ শুরু করতে হবে। তা না হলে ২০২৯ সালের নির্বাচনেও নারী সংরক্ষণ চালু করা যাবে না। তবে কংগ্রেস, তৃণমূলসহ বিরোধী দলগুলোর অভিযোগ হলো—২০২৩ সালে আইন পাসের সময় সরকার ইচ্ছাকৃতভাবেই ডিলিমিটেশনের এই শর্তটি জুড়ে দিয়েছিল, যাতে নারী সংরক্ষণ বিলটি তখনই কার্যকর না হয়। এখন সরকার নারী সংরক্ষণের আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের সুবিধামতো নির্বাচনী এলাকার মানচিত্র বদলে নেওয়ার সুযোগ নিচ্ছে। বিরোধীদের দাবি, ডিলিমিটেশন ছাড়াই বর্তমান ৫৪৩টি আসনে এখনই ৩৩ শতাংশ নারী সংরক্ষণ চালু করা হোক।

অধিবেশন শুরুর ঠিক আগে লোকসভা সচিবালয় ৯৭ জন সাংসদের বসার আসন বদলে দিয়েছে। বিলটিকে সমর্থনের ঘোষণার পর ডিএমকে এবং এনসিপি (এসপি)-র ৩০ জন সাংসদকে শাসক দলের (বিজেপি) বেঞ্চের কাছাকাছি বসানো হয়েছে।