Home আলোচিত সংবাদ দুবাই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানাল আমিরাত

দুবাই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানাল আমিরাত

1

ঢাকা অফিস।।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশ্ব সরকার সম্মেলন-২০২৭-এ যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।

পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং দেশের জনগণের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি।

রবিবার (২৯ নভেম্বর ) পাঠানো এক বিবৃতিতে শেখ মোহাম্মদ জানান, মানবজাতির জন্য আরো উন্নত ভবিষ্যৎ গঠনে বিশ্ব নেতাদের সঙ্গে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন তিনি।

২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব সরকার সম্মেলন। ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ বা ‘ভবিষ্যতের সরকারব্যবস্থা গঠন’ প্রতিপাদ্যে এবারের সম্মেলন আয়োজন করা হবে। এতে বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন।

সম্মেলনে বিশ্বের উদীয়মান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা এবং জনসেবা ও রাষ্ট্র পরিচালনায় উদ্ভাবনী পদ্ধতি অনুসন্ধান করার কথা রয়েছে।

এর আগে ২০২৬ সালের সম্মেলনে ১৫০টির বেশি দেশের প্রতিনিধিদের পাশাপাশি ৬০ জনের বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ৫০০ জনের বেশি মন্ত্রী অংশ নেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ও চিন্তাবিদসহ সম্মেলনে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৬ হাজারের বেশি। বৈশ্বিক অগ্রগতির অভিন্ন লক্ষ্য ও কৌশল নির্ধারণে তারা মতবিনিময় করেন।