Home আঞ্চলিক শীতের রসে জমে উঠছে যশোরের প্রস্তুতি, গাছিদের কণ্ঠে টিকে থাকার সংগ্রাম

শীতের রসে জমে উঠছে যশোরের প্রস্তুতি, গাছিদের কণ্ঠে টিকে থাকার সংগ্রাম

2

যশোর প্রতিনিধি:

ভোরের কুয়াশা ভেদ করে খেজুর গাছের খাঁজকাটা গুঁড়িতে ভর দিয়ে তরতর করে ওপরে উঠছেন গাছিরা। কোমরে শক্ত দড়ি, পেছনে ঠুঙ্গিতে গাছি দা আর ঝুলছে মাটির ভাঁড়। শীতের আগমনী বার্তায় খেজুর গুড়ের রাজধানী খ্যাত যশোরে শুরু হয়েছে গাছ প্রস্তুত, রস সংগ্রহ ও গুড় উৎপাদনের ব্যস্ততা। তবে এই ঐতিহ্যের উৎসবের আড়ালে গাছিদের জীবনসংগ্রাম, ঝুঁকি ও নতুন প্রজন্মের অনাগ্রহের উদ্বেগও স্পষ্ট হয়ে উঠছে।

সরেজমিনে দেখা গেছে, যশোরের সদর, চৌগাছা, ঝিকরগাছা, বাঘারপাড়া, মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও শার্শা উপজেলায় পুরোদমে চলছে রস আহরণের প্রস্তুতি। চৌগাছার স্বরূপদাহ ইউনিয়নের বিভিন্ন মাঠে ও সড়কের পাশে গাছের মাথার একপাশের ডাল ছাঁটা, বাকল চাঁছা এবং ভাঁড় ঝুলানোর দৃশ্য চোখে পড়ছে।

গাছিদের শ্রম ও শঙ্কা

স্বরূপদাহের সঞ্চডাঙ্গা গ্রামের পশ্চিম মাঠে কথা হয় দুবার সেরা গাছির পুরস্কার পাওয়া দেবলা গ্রামের প্রবীণ গাছি আব্দুর রাজ্জাকের (৬৫) সঙ্গে। ১৩ বছর বয়স থেকে গুড় উৎপাদনে যুক্ত রাজ্জাক এ মৌসুমে ১৬০টি গাছ কেটেছেন এবং ৩৫ থেকে ৪০ মণ গুড় উৎপাদনের আশা করছেন। তবে দীর্ঘদিনের এই শ্রমে শারীরিক জটিলতা ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তিনি। রাজ্জাক বলেন, “আমাদের মতো গাছিরা মরে গেলে আর কেউ গুড় উৎপাদন করবে না। সন্তানরা এই পেশায় আসতে চায় না, কারণ এতে জীবনের ঝুঁকি ও কঠোর পরিশ্রম আছে।”

রশি বেঁধে গাছে ওঠায় কোমরে তীব্র ব্যথার কথা জানিয়ে তিনি মাজার বেল্ট, অসুস্থ গাছিদের চিকিৎসা এবং সরকারি অনুদানের দাবি জানান। দেবলা গ্রামের আরেক গাছি আনোয়ার হোসেন ৪০ বছর ধরে এই পেশায় যুক্ত থাকলেও বয়স ও পরিশ্রমের কারণে আগের তুলনায় কম গাছ কেটেছেন বলে জানান। বাঘারদাড়ি, আন্দারকোটা ও ধুলিয়ানী ইউনিয়নের কয়েকজন গাছি জানান, রস সংগ্রহ শুরু হলেও সাম্প্রতিক বৃষ্টির কারণে গাছ নরম থাকায় আপাতত রসের পরিমাণ কিছুটা কম; পৌষ-মাঘে তা বাড়বে।

পরিসংখ্যান ও স্থানীয় উদ্যোগ

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় ২২ লাখ ৪৪ হাজার ১৭৩টি খেজুর গাছ রয়েছে; এর মধ্যে রস আহরণে উপযোগী গাছ ৩ লাখ ১৪ হাজার ৯০৮টি। গুড় উৎপাদনে ৬ হাজার ১৮৮ জন এবং রস-গুড়ের সামগ্রিক কর্মকাণ্ডে ১৬ হাজার ৩১৮ জন যুক্ত রয়েছেন। গড়ে গাছপ্রতি ১০৫ লিটার রস থেকে সাড়ে ১০ কেজি গুড় ধরে জেলায় মোট ৩ কোটি ৩০ লাখ ৬৫ হাজার ৩৪০ লিটার রস এবং ৩ হাজার ১৫০ মেট্রিক টন গুড় উৎপাদিত হয়, যা গ্রামীণ অর্থনীতিতে শত কোটি টাকার অবদান রাখে।

স্বরূপদাহ ইউপি চেয়ারম্যান নূরুল কদর জানান, কয়েকজন গাছিকে বয়স্কভাতা দেওয়া হলেও কোমরে আঘাত পেয়ে খড়িঞ্চা নওদাপাড়ার প্রবীণ গাছি আব্দুল লতিফের মতো অনেকেই এখন এই পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন; খেজুর গাছ ও গাছিদের বাঁচাতে সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি। যশোরের জিআই পণ্য খেজুর গুড় রক্ষায় ২০২০ সাল থেকে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন এসটিই ইনিশিয়েটিভের সভাপতি আবু বকর গাছিদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা এবং যশোরে বাংলাদেশ গুড় উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানান।

প্রশাসন ও কৃষি বিভাগের বক্তব্য

চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন বলেন, খেজুর গাছ সংরক্ষণ ও গাছিদের উন্নয়নে নিয়মিত সহযোগিতা দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম জানান, খেজুর গাছ ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে সরকারের উদ্যোগ চলমান রয়েছে এবং ইতোমধ্যে জীবিকা নির্বাহকারী প্রায় ৩০০ জন গাছির তালিকা প্রস্তুত করা হয়েছে, যাঁদের বিশেষ সরকারি প্রণোদনা দেওয়া হবে। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস জানান, টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গাছিদের উন্নয়নে কার্যক্রম অব্যাহত রয়েছে।