স্টাফ রিপোর্টার।।
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরদের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে খুলনার বটিয়াঘাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) খুলনা জেলা বিএনপির উদ্যোগে উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান।
সমাবেশের আগে জিরো পয়েন্ট ও এর আশপাশের এলাকায় জেলা এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, “গণঅভ্যুত্থানে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসররা দেশজুড়ে পরিকল্পিতভাবে নাশকতা, অগ্নিসন্ত্রাস ও আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। খুলনাসহ বটিয়াঘাটা ও দাকোপের মাটিতে কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সতর্ক অবস্থানে থাকতে হবে। কোথাও কোনো সন্ত্রাসী বা নাশকতাকারীর তৎপরতা দেখা গেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে হবে।
তবে মনে রাখতে হবে, কেউ যেন আইন হাতে তুলে না নেয়; ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমেই সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।”
সমাবেশে খুলনা জেলা ও বটিয়াঘাটা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা যেকোনো মূল্যে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।











































