খুলনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি।।
যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন। তিনি বলেন, বর্তমান সময়ে তরুণদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে পাড়া-মহল্লায় এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় দেশের যুবসমাজ ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করেছেন। তাঁর আদর্শ ধারণ করে আজকের তরুণ প্রজন্মকে শরীর ও মননে সুস্থ হয়ে গড়ে উঠতে হবে। খুলনার ক্রীড়াঙ্গনকে আরও বেগবান করতে এবং প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে বিসিবি ও তাঁদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
শনিবার (২৮ নভেম্বর) খুলনার ছোট বয়রায় এফ.সি.এস জুনিয়রের আয়োজনে অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি শর্ট পিস নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘এসো সবাই খেলা করি-মাদক ও সন্ত্রাসমুক্ত জীবন গড়ি’ স্লোগানকে সামনে রেখে ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল আজিজ সুমন, রবিউল ইসলাম রুবেল, ইস্তিয়াক আহমেদ ইসতি, হাবিবুর রহমান কাজল, শেখ আজিজুর রহমান, শওকত আলী বিশ্বাস লাবু, মো. সাইফুল ইসলাম বকশি, হারুন অর রশীদ হাওলাদার, তানভীর মঈন ইমরান, আশরাফুল ইসলাম রাজু, মো. আল আমিন দেওয়ান, মোহাম্মদ আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।











































